২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্টনে গহনা চুরি: স্বর্ণালঙ্কারসহ নারী গ্রেপ্তার

পল্টন সুপার মার্কেটে গহনা দোকানে চুরির ঘটনায় ৬৫ ভরি গহনাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পল্টন থানা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2012, 03:41 PM

Updated : 24 Aug 2022, 10:36 AM

ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পল্টন সুপার মার্কেটে গহনা দোকানে চুরির ঘটনায় ৬৫ ভরি গহনাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পল্টন থানা পুলিশ। জেসমিন আক্তার (২৬) পুলিশের সন্দেহে থাকা ওই মার্কেটে নতুন ভাড়া নেওয়া দোকানির স্ত্রী। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটমকে জানান, মঙ্গলবার ভোরে গাজীপুরের কোনাপাড়া থেকে জেসমিনকে গ্রেপ্তার করা হয়েছে। কথিত দোকানি আবদুর রউফ নামে দোকানটি ভাড়া নিলেও জেসমিন জানিয়েছে তার স্বামীর নাম আব্বাস আলী। তাদের বাড়ি চাঁদপুরে। জেসমিন পুলিশকে জানিয়েছেন, ঘটনার পর স্বামী আব্বাস আলী ফোনে তাকে একটি নির্দিষ্ট স্থানে আসতে বলে। পরে ৬৫ ভরি গহনা দিয়ে চলে যায়। জেসমিনের কাছে মোট পাঁচটি মোবাইল ফোনসেট পাওয়া গেছে বলেও জানান কামরুজ্জামান। দোকান মালিকের ভাই সঞ্জয়ব্রত নাগ ওই মহিলার কাছে পাওয়া গহনাগুলো তাদের দোকানের বলে শনাক্ত করেছেন। শুক্রবার সানফ্লাওয়ার জুয়েলার্স নামে ওই গহনা দোকানের দেওয়াল ভেঙে প্রায় সাড়ে ১২শ’ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়। এ ঘটনায় পল্টন থানায় একটি মামলা হয়েছে। মার্কেটের দোকানদাররা জানান, আব্দুর রউফ (আব্বাস আলী) নামে এক ব্যক্তি ১৫ দিন আগে মাসিক ১০ হাজার টাকায় সানফ্লাওয়ার জুয়েলার্সের কাছেই আরেকটি দোকান ভাড়া নেন। বাহার কসমেটিক্স নামে যে দোকানের দেওয়াল ভেঙে চোরেরা জুয়েলারি দোকানে ঢুকেছিলো, নতুন ভাড়া নেওয়া দোকানটি ঠিক তার বিপরীতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/২১৩০ ঘ.