২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যামামলায় যাবজ্জীবন তিন সহোদরের

হত্যা মামলা দায়েরের ১০ বছর পর দেওয়া রায়ে তিন সহোদরের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2012, 03:06 PM

Updated : 24 Aug 2022, 10:36 AM

চট্টগ্রাম, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হত্যা মামলা দায়েরের ১০ বছর পর দেওয়া রায়ে তিন সহোদরের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। মঙ্গলবার চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রশান্ত কুমার বিশ্বাস এ রায় দেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তিন সহোদর হলেন- মাহমুদুল হক, মোজাম্মেল হক ও ওবায়দুল হক। তারা চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খুদুকখালী গ্রামের গোলাম রহমানের ছেলে। ২০০২ সালের ১৭ জুন একই এলাকার সৈয়দ আহমদের ছেলে তৌহিদুল ইসলাম ভুট্টুকে হত্যার জন্য তাদের এই দণ্ড দেওয়া হলো। জেলা আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি নিখিল কুমার নাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড, এক হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মামলার বিবরণে দেখা যায়, ২০০২ সালের ১৭ জুন স্থানীয় ট্যাক্সি অ্যাসোসিয়েশনের কমিটি গঠনকে কেন্দ্র করে নিহত ভুট্টুর চাচাত ভাই ট্যাক্সিচালক নাজিম উদ্দিনকে তিন আসামি মারধর করে। ভাইকে বাঁচাতে গিয়ে মারধরে ঘটনাস্থলেই ভুট্টুর মৃত্যু হয়। এরপর নিহতের আরেক চাচাত ভাই হাছান মাহমুদ বাদি হয়ে বাঁশখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ২০০২ সালের ৯ অক্টোবর তিন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে পুলিশ। ২০০৩ সালের ১১ মে তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এমআই/২০৫৭ ঘ.