ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিরপুর মাজার রোডে মসজিদের নির্মাণাধীন দোকানের সানশেড ভেঙে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো দুই জন।
মঙ্গলবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মো. সেলিম (৫০)। আহত দুই জনকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
মিরপুর দারুস সালাম থানার পরিদর্শক আব্দুল মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মদিনা জামে মসজিদের সামনে একটি নির্মাণাধীন দোকানে কাজ করার সময় সানশেড ভেঙে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।
নারীর লাশ উদ্ধার
এদিকে রাজারবাগ পুলিশ লাইনের উত্তর পাশে রাস্তা থেকে সোমবার রাত ১২টার দিকে অজ্ঞাতপরিচয় এক নারীর (২৫) জবাই করা লাশ উদ্ধার করে পল্টন থানা পুলিশ।
পল্টন থানার উপপরিদর্শক (এসআই) আবদুল জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লাশটি চাদরে মোড়ানো ছিলো।
উদ্ধারের আনুমানিক তিন ঘণ্টা আগে ওই নারীকে জবাই করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/১৭০৫ ঘ.
bdnews24