ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আমাদের সময়ের প্রকাশক নিয়োগের বিষয়ে হাইকোর্টের আদেশ আপিল বিভাগের চেম্বার বিচারপতি স্থগিত করেননি।
এর ফলে পত্রিকাটির প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক নাঈমুল ইসলাম খান পত্রিকাটি প্রকাশ অব্যাহত রাখতে পারবেন বলে তার আইনজীবীরা বললেও বিপরীত কথা বলেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।
গত ২৮ সেপ্টেম্বর ঢাকার জেলা ম্যাজিস্ট্রেট (জেলা প্রশাসক) দেওয়া এক আদেশ অনুযায়ী এসএম কল্লোল আমাদের সময়ের প্রকাশক হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন।
নাঈমুলের আবেদনে সোমবার হাইকোর্টের একটি বেঞ্চ কল্লোলকে নিয়োগের আদেশ স্থগিত করে। ওই আদেশ স্থগিত চেয়ে মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে যান কল্লোল। শুনানি শেষে চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ‘নো অর্ডার’ দেন।
আদালতের আদেশের ব্যাখ্যায় নাঈমুলের আইনজীবী আখতার ইমাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এর মানে হচ্ছে, হাইকোর্টে রুল শুনানি করতে হবে। তবে অন্যপক্ষ হাইকোর্টের লিখিত আদেশ পাওয়ার পর লিভ টু আপিল করতে পারবেন।”
“তবে আমাদের সময়ের প্রকাশনা অব্যাহত রাখতে নাঈমুল ইসলাম খানের কোনো বাধা নেই,” বলেন তিনি।
সোমবার হাইকোর্ট কল্লোলকে নিয়োগের আদেশ স্থগিতের পর মঙ্গলবার বাজারে যে আমাদের সময় পত্রিকাটি ছিল, তাতে প্রকাশক হিসেবে নাঈমুল ইসলামের নাম ছিল।
নাঈমুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পত্রিকাটির প্রকাশনা অব্যাহত রাখা হবে।
এদিকে আপিল বিভাগে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেওয়া অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদেশের পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চেম্বার বিচারপতি নো অর্ডার দিয়েছেন।
“হাইকোর্ট তো নাঈমুলকে পত্রিকা বের করার জন্য কোনো আদেশ দেয়নি। তাই তিনি পত্রিকা বের করতে পারেন না,” বলেন তিনি।
কল্লোলের আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ সোমবার হাইকোর্টের স্থগিতাদেশের পর বলেছিলেন, “পত্রিকার মালিক নিয়ে কিন্তু কিছু হয়নি। পত্রিকাটি নিউ ভিশনের। নাঈমুল ইসলাম ওই কোম্পানির শেয়ার বিক্রি করে দিয়েছেন। সুতরাং তিনি ওই কোম্পানির পক্ষে পত্রিকা বের করতে পারবেন না।”
আমাদের সময় পত্রিকাটি নাঈমুল ইসলামই প্রথম প্রকাশ করেছিলেন। বিক্রির ক্ষেত্রে দুই টাকার এই দৈনিক শুরুতেই বেশ সাড়া ফেলে। তবে প্রকাশক নিয়ে দ্বন্দ্বের পর পত্রিকাটি মোজাম্মেল হোসেনের সম্পাদনায় প্রকাশ হচ্ছিল।
মঙ্গলবার চেম্বার বিচারপতির আদালতে শুনানি চলার সময় আদালতের বাইরে নাঈমুল ইসলাম খান, মোজাম্মেল হোসেন এবং মঞ্জুর প্রকাশনার আমাদের সময়ের উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী উপস্থিত ছিলেন।
সোমবার হাইকোর্ট কল্লোলের নিয়োগ আদেশ স্থগিতের পাশাপাশি জেলা ম্যাজিস্ট্রেটের আদেশ (নাঈমুলকে বাদ দিয়ে কল্লোলকে আমাদের সময়ের প্রকাশক করা) কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত হবে না, তা জানতে চেয়েছে।
১২ দিনের মধ্যে জেলা ম্যাজিস্ট্রেট (জেলা প্রশাসক), তথ্য সচিব, চলচ্চিত্র ও প্রকাশনা বিভাগের মহাপরিচালক ও কল্লোলকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৬৩৫ ঘ.
bdnews24