২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মজুরির নতুন হার ২০০৯ থেকে কার্যকরের দাবি

মজুরি কমিশনের প্রতিবেদন ২০০৯ সাল থেকে কার্যকরের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ সমাবেশ করেছে বারআউলিয়া এলাকার একটি পাট কলের শ্রমিক-কর্মচারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2012, 10:11 AM

Updated : 24 Aug 2022, 10:36 AM

চট্টগ্রাম, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মজুরি কমিশনের প্রতিবেদন ২০০৯ সাল থেকে কার্যকরের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ সমাবেশ করেছে বারআউলিয়া এলাকার একটি পাট কলের শ্রমিক-কর্মচারীরা। সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল্লাহ জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে হাফিজ জুটমিল লিমিটেডের সামনের এই সমাবেশের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় আধা ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ থাকে। গাড়ি চলাচল বন্ধ থাকায় দেশের গুরুত্বপূর্ণ এই সড়কে যানজটের সৃষ্টি হয়। জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশন-২০১০ এর সুপারিশ মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদনের পরদিনই শ্রমিক-কর্মচারীরা এই সমাবেশ করলো। নতুন হারে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর শ্রমিকদের জন্য শ্রেণীভেদে ন্যূনতম ৪ হাজার ১৭৫ টাকা থেকে ৫ হাজার ৬০০ টাকা পর্যন্ত মজুরি নির্ধারণ করা হয়েছে। এছাড়া চিকিৎসা বাবদ ৭০০ টাকা, টিফিন বাবদ ১০০ টাকা এবং যাতায়াত ভাতা বাবদ ১৫০ টাকা নির্দিষ্ট করা হয়েছে। এসআই সাইফুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্রমিকদের সমাবেশ শেষ হওয়ার পর সকাল সাড়ে ১০টার দিকে রাস্তায় যানচলাচল স্বাভাবিক হয়। হাফিজ জুুট মিলের শ্রমিক কর্মচারী লীগের (সিবিএ) সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অনতিবিলম্বে ২০০৯ সালের ১ জুলাই তারিখ থেকে মজুরি কমিশন কার্যকরসহ ১১ দফা দাবিতে আমরা বিক্ষোভ সমাবেশ করেছি। তিনি বলেন, সরকারের বেতন কমিশন ও পে কমিশন ২০০৯ সালের ১ জুলাই থেকে কার্যকর করা হয়। কিন্তু মজুরি কমিশন ২০১০ সালের জুলাই থেকে কার্যকর করা হয়েছে। এর প্রতিবাদেই আমরা এ বিক্ষোভ সমাবেশ করেছি। গাড়ি চলাচল বন্ধের বিষয়ে মাহবুব বলেন, “আমরা রাস্তা বন্ধ বা ব্যারিকেড দেইনি। তবে সমাবেশ করতে মিলের হাজার হাজার শ্রমিক রাস্তায় নেমে আসায় হালকা যানজটের সৃষ্টি হতে পারে।” বর্তমানে হাফিজ জুট মিলে প্রায় সাড়ে পাঁচ হাজার শ্রমিক-কর্মচারী রয়েছে বলে জানান এই শ্রমিক নেতা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/কিউএইচ/এমআই/১৬০০ ঘ.