ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিনিয়োগ নিয়ে ‘বিভ্রান্তিতে’ নেতিবাচক প্রতিক্রিয়ার আশংকায় মঙ্গলবার দেশের দুই পুঁজিবাজারে লেনদেন বন্ধ রাখার পর বুধবার স্বাভাবিক লেনদেনের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার বিকেলে ঢাকা স্টক এক্সচেঞ্জের সভাপতি শাকিল রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডিএসইর লেনদেন কাল যথারীতি শুরু হবে।”
পুঁজিবাজারে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিনিয়োগ নিয়ে ‘বিভ্রান্তিতে’ নেতিবাচক প্রতিক্রিয়ার আশংকায় মঙ্গলবার দেশের দুই পুঁজিবাজারে লেনদেন বন্ধ রাখা হয়।
মঙ্গলবার দুপুরে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে ডিএসই কর্তৃপক্ষ। ‘বিভ্রান্তি’ দূর হয়েছে কিনা জানতে চাইলে শাকিল রিজভী জানান, এসইসির চেয়ারম্যান বিষয়টি পরিষ্কার করবেন।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিইসি) প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ সাজিদ হোসেন জানান, বুধবার সিএসইতেও লেনদেন হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের জেষ্ঠ্য সহ সভাপতি আহসানুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরকারি কর্মচারীদের বাজারে বিনিয়োগ বিষয়ে যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে, একদিন বাজার বন্ধ রেখে সে বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এখন যদি তা বাজারে নেতিবাচক প্রভাব ফেলে, সে দায়িত্ব ডিএসইর থাকবে না। আমরা আমাদের দায়িত্ব পালন করেছি।”
তিনি জানান, ডিএসই ও সিএসইর বক্তব্য এসইসিকে জানানো হয়েছে। এখন এসইসি সরকারের সঙ্গে কথা বলে এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবে বলে তারা আশা করছেন।
মঙ্গলবার সকালে পরিচালনা পর্ষদের জরুরি বৈঠকের পর ডিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ হোসেন এক সংবাদ সম্মেলনে বলেন, “সরকারি কর্মকর্তা-কর্মচারীদের (সামরিক ও বেসামরিক) পুঁজিবাজারে বিনিয়োগের ব্যাপারে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত সংবাদে অস্পষ্টতা প্রতীয়মান হয়েছে। ডিএসই কর্তৃপক্ষ মনে করে, এর ফলে বিনিয়োগকারীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে এবং পুঁজিবাজারে বড় ধরণের নেতিবাচক প্রভাব পড়তে পারে। সে কারণে পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থে ১৭ জানুয়ারি লেনদেন বন্ধ রাখা হয়েছে।”
পুঁজিবাজার স্থিতিশীলে সোমবার মন্ত্রীপরিষদ আয়কর আইন সংশোধনের প্রস্তাব অনুমোদন করার পর এক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, “পুঁজিবাজার এমনিতেই ঝুঁকিপূর্ণ, এটা আমরা অনেকেই জানি। সরকারি দায়িত্ব পালনের অবস্থানে থেকে এই ধরনের ব্যবসা-বাণিজ্য করা সমীচীন নয়।”
নিয়ম অনুযায়ী দেশের প্রচলিত আইনে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অন্য কোনো লাভজনক কর্মকাণ্ডে জড়িত থাকতে পারেন না। তবে আইনের ফাঁক দিয়ে পুঁজিবাজারে সরকারি চাকুরেরা বিনিয়োগ করে আসছে।
পরে অবশ্য আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি ‘অফ দ্য রেকর্ড’ ওই কথা বলেছিলেন। বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে তার ভুল বোঝাবুঝি হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় বৈঠক শুরুর পরপরই লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত আসে। ডিএসইর লেনদেন বন্ধ রাখার ঘোষণায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেনও দুই মিনিট চলার পর বন্ধ করা হয়। ওই দুই মিনিটের লেনদেন বাতিল করে কর্তৃপক্ষ।
এদিকে পুঁজিবাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত লেনদেন বন্ধ রাখার দাবিতে বিক্ষোভ করেছে ব্যক্তিশ্রেণীর বিনিয়োগকারীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসআইটি/এসইউ/১৮১২ ঘ.
bdnews24