২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুবকের লাশ উদ্ধার, পকেটে মামলার কাগজ

চট্টগ্রাম নগরীর পাহাড়তলি এলাকার সাগরিকা বিটাক মোড় থেকে ছুরিকাঘাতে নিহত এক যুবকের ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2012, 05:45 PM

Updated : 24 Aug 2022, 10:35 AM

চট্টগ্রাম, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর পাহাড়তলি এলাকার সাগরিকা বিটাক মোড় থেকে ছুরিকাঘাতে নিহত এক যুবকের ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আতাউর রহমান (৩৫) নামের ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে আটটায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আতাউর কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের মৃত আবুল কাশেমের ছেলে। মৃতের পকেটে তার নামে একটি মামলার পুনঃশুনানি আবেদনের কপি পাওয়া গেছে বলে জানান চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ডবলুমরিং অঞ্চলের সহকারী কমিশনার (এসি) আরেফীন জুয়েল। বিডিনিউজ টোয়িন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এছাড়া একটি জাতীয় পরিচয়পত্র ও ডাচ বাংলা ব্যাংকের একটি এটিএম কার্ড পাওয়া গেছে।” বাংলাদেশ শিল্প কারিগরী সহায়তা কেন্দ্রের (বিটাক) মূল ফটকের ৫০ গজ পশ্চিম পাশে আতাউরকে অচেতন অবস্থায় পাওয়া যায় বলে জানিয়ে তিনি বলেন, “তার বাম উরুতে একটি ছুরিকাঘাতের চিহ্ন আছে। শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন নেই। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে অন্য কোথাও তাকে ছুরিকাঘাত করে ওই এলাকায় তাকে অচেতন অবস্থায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।” নিহতের পেশা এবং তিনি কোন্ মামলার সে আসামি সে বিষয়ে কিছু জানাতে পারেনি পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/পিডি/২৩৪৫ ঘ.