সাতক্ষীরা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটতম)- সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় এক ক্ষুব্ধ গৃহবধূ এসিডে ঝলসে দিয়েছেন স্বামীর প্রেমিকাসহ তিনজনকে।
রোববার গভীর রাতে কালীগঞ্জের সায়হাটি গ্রামে এ ঘটনায় আহতরা হলেন দানিব মোল্লা, তার ছেলে আব্দুস সালাম মোল্লা ও মেয়ে মনিরা সুলতানা (১৭)।
পুলিশ সাতক্ষীরা সদরের আগরদাড়ী গ্রামের হারুন গাজীর স্ত্রী তানিয়া খাতুনকে (৩০) গ্রেপ্তার করেছে।
এসিডদগ্ধদের প্রথমে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সোমবার পাঠানো হয় সাতক্ষীরা সদর হাসপাতালে।
কালিগঞ্জ থানার ওসি ফরিদ উদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হারুনের (৪০) সঙ্গে তানিয়ার বিয়ে হয় ১৫/১৬ বছর আগে। তাদের ৯ বছর বয়সী একটি ছেলে ও ৫ বছর বয়সী একটি মেয়ে রয়েছে।
কিছুদিন আগে হারুনের সঙ্গে মনিরার সম্পর্ক গড়ে ওঠে। মনিরা সায়হাটি গ্রামে তার বাবার বাড়িতে থাকেন।
এনিয়ে কয়েক দফা গ্রাম্য সালিশও হয়।
রোববার রাতে মনিরাদের বাড়িতে বেড়াতে যান তানিয়া। গভীর রাতে ঘুমন্ত মনিরার মুখ ও শরীরে এসিড নিক্ষেপ করেন তানিয়া। তার চিৎকারে পাশের ঘর থেকে বাবা দানিব মোল্লা ও ভাই সালাম মোল্লা ছুটে এলে তাদেরও এসিড মারেন তানিয়া।
ওসি আরো বলেন, এ ঘটনায় কালীগঞ্জ থানায় মনিরার বাবা দানিব মোল্লা একটি মামলা করেছেন।
তানিয়া পুলিশকে বলেন, গ্রাম্য সালিশে মনিরা ও তার পরিবার প্রতিশ্র“তি দিয়েছিল- তারা হারুনকে প্রশ্রয় দেবে না। কিন্তু তারা প্রতিশ্র“তি ভঙ্গ করেছে। তাই এসিড নিক্ষেপ করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২৩২৭ ঘ.
bdnews24