আব্দুর রহিম বাদল
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
শেরপুর, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুরের নালিতাবাড়ী উপজেলার চেল্ল¬াখালী নদীতে স্লুুইচ গেইট ভেঙে গেছে পানির প্রবল তোড়ে। এতে প্রায় আট হাজার হেক্টর জমির বোরো আবাদ অনিশ্চিত হয়ে পড়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
রোববার দুপুরে বিকট শব্দে স্লুইচ গেইটটি ধসে প্রবল বেগে মজুদ করা পানি নেমে যায়।
এলাকার লোকজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে বলেন, বোরো আবাদে সেচ দেওয়ার লক্ষ্যে আশির দশকে পানি উন্নয়ন বোর্ড নালিতাবাড়ীর সন্ন্যাসীভিটা গ্রামে চেল্ল¬াখালী নদীতে এই স্লুইচ গেইট নির্মাণ করে।
স্থানীয়দের অভিযোগ, প্রতিবছর পানি উন্নয়ন বোর্ড এটির সংস্কার করলেও গত তিন বছর ধরে সংস্কার করা হয়নি। ফলে গত বর্ষা মৌসুমে বাঁধের বিভিন্ন স্থানে সুরঙ্গের সৃষ্টি হয়।
প্রায় দু’সপ্তাহ আগে স্লুইচ গেইট কমিটির পক্ষ থেকে প্রায় ৮৫ হাজার টাকা ব্যয়ে সংস্কার কাজ করে পানি মজুদ করা হয়। কিন্তু সৃষ্ট সুরঙ্গ দিয়ে প্রবহমান পানির তোড়ে গত কয়েক দিনে স্লুইচ গেইটের মূল কাঠামোর নিচের মাটি সরে যায়।
এদিকে এই স্লুইস গেটের উপর নির্ভর করে রাজনগর, নন্নী ও বাঘবেড় ইউনিয়নের কয়েক হাজার কৃষক ইতোমধ্যে পুরোদমে বোরো আবাদে মাঠে নেমেছেন। স্লুইচ গেইটটি বিধ্বস্ত হওয়ায় অনিশ্চয়তায় পড়েছে তাদের বোরো আবাদ।
স্থানীয় কৃষক বাহাজ উদ্দিন বলেন, বিগত তিন বছর যাবত ¯¬ুইচ গেইট সংস্কারের কোনো বরাদ্দ আসে না। ফলে এটি দুর্বল হয়ে পড়ে এবং বেশ কিছুদিন ধরে সুরঙ্গ তৈরি হয়ে পানি প্রবাহিত হচ্ছিল।
প্রান্ত কৃষ্ণ বর্মন বলেন, নদীর উজানে দ্রুত বাঁধ নির্মাণ করে সেচের ব্যবস্থা না নিলে বোরো আবাদ করা যাবে না।
স্লুইচ গেইট পরিচালনা কমিটির সভাপতি আহাজ উদ্দিন বলেন, “আমরা সবাই মিলে প্রায় ৮৫ হাজার টাকা ব্যয়ে গত কয়েকদিন আগে বাঁশ, খড়কুটা আর মাটি দিয়ে স্লুইচ গেইটের পাশের অংশটি মেরামত করি। কিন্তু শেস রক্ষা আর হয়নি।”
নালিতাবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, “দ্রুত সেচের ব্যবস্থা করতে না পারলে ক্ষতিগ্রস্ত হবে এখানকার কৃষকরা। তবে আমি সরেজমিন পরিদর্শন করে দেখেছি, একটু উজানে নদীর সরু অংশে দ্রুত মাটির বাঁধ দিতে পারলে কিছু জমি সেচের আওতায় আনা যাবে।”
জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নিজামুল হক ভুইয়া সোমবার বলেন, তিনি প্রশিক্ষণের জন্য ঢাকায় আছেন। এ ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪১ ঘ.
bdnews24