ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম)- রাজধানীর রমনায় একটি বহুতল ভবনের পাইলিংয়ের কারণে সড়কে ফাটলের পর সংলগ্ন স্থানে বালুর বস্তা ফেলা হচ্ছে।
সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে সেনাবাহিনীর একটি দল ওই দেবে যাওয়া স্থানে বালুর বস্তা ফেলতে শুরু করে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান রমনা থানার ওসি রফিকুল ইসলাম।
তিনি বলেন, ঘটনার পর থেকে ওয়াসা ও তিতাসের লোক এসে পানি ও গ্যাসের লাইন বন্ধ করার পর বালু ফেলা শুরু হয়।
ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে বলে জানান ওসি।
সোমবার সকালে রমনার ৫/বি সার্কিট হাউজ রোডে নির্মাণাধীন ওই ভবনের শ্রমিকরা দুটি মেশিনে মাটি কাটার কাজ করছিল। সকাল পৌনে ১০টার দিকে ভবনের দক্ষিণ পাশের সীমানা প্রাচীরে ফাটল দেখা দেয়। এ সময় মাটি কাটার একটি মেশিন নিচে পড়ে গেলে স্যুায়ারেজ লাইনসহ সড়কে ফাটল দেখা দেয়।
ভবনটির উত্তর পাশে ২০ তলা ও ১২ তলা দুটি ভবন রয়েছে। এ ছাড়া দক্ষিণে পুলিশের উপ কমিশনারের (ডিসি-দক্ষিণ) কার্যালয়। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন আশেপাশের ভবনের বাসিন্দারা।
ঘটনাস্থলে উপস্থিত রাজউক প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী বলেন, নির্মাণ পদ্ধতি ও নকশায় ত্র“টির কারণে এ সমস্যা হয়ে থাকতে পারে। আপাতত ফেটে যাওয়া স্যুয়ারেজ লাইন মেরামতের কাজ চলছে।
ঢাকা দক্ষিণের ডিসি কৃষ্ণপদ রায় বলেন, ফাটলের কারণে আশেপাশের ভবনগুলো হুমকির মুখে রয়েছে। ঘটনার পর থেকে পুলিশ ওই রাস্তায় যান চলাচল বন্ধ রেখেছে।
পুলিশ, রাজউক ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/পিডি/১৯৩২ ঘ.
bdnews24