নরসিংদী, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদী পৌর মেয়র লোকমান হত্যা মামলার এজাহারভুক্ত আরো তিন আসামি জামিন পেয়েছে।
তারা হলেন- বিএনপি নেতা তারেক আহমেদ, আওয়ামী লীগের কবির সরকার ও মঈন আহমেদ।
আসামিপক্ষের আইনজীবী আব্দুল বাসেত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দীর্ঘ শুনানি শেষে সোমবার বেলা পৌনে ৩টার দিকে নরসিংদীর জেলা ও দায়রা জজ আদালত তাদের জামিন মঞ্জুর করেন।
সোমবার দুপুরে জজ ড. মো. শাহজাহানের আদালতে আসামিদের জামিনের আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা।
এদের মধ্যে ছিলেন আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামানসহ অন্তত ৫০ জন আইনজীবী।
নরসিংদীর মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান গত ১ নভেম্বর দলীয় কার্যালয়ে মুখোশধারীদের গুলিতে নিহত হন।
এরপর তার ভাই কামরুজ্জামান কামরুল যে মামলাটি করেন, তার আসামিদের অধিকাংশই আওয়ামী লীগের নেতা-কর্মী।
মামলার ১৪ আসামির মধ্যে এই পর্যন্ত ১২ জন গ্রেপ্তার কিংবা আদালতে আত্মসমর্পণ করেছেন। হত্যায় জড়িত সন্দেহে পুলিশ আরো ১২ জনকে গ্রেপ্তার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/১৬২২ ঘ.
bdnews24