সিরাজগঞ্জ, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে পৃথক তিন সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন।
সোমবার উল্লাপাড়ায় বাস খাদে পড়ে তিনজন এবং রায়গঞ্জে অপর দুটি দুর্ঘটনায় আরো দুজনের মৃত্যু হয় বলে হাইওয়ে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন- শাহজাদপুর উপজেলার তালগাছি গ্রামের গোলাম মোস্তাফা লালন, কামারখন্দ উপজেলার পুরান দোগাছি গ্রামের হালিমা বেগম (৩৫), বগুড়ার হযরত আলী ও রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ভগবানপুর গ্রামের আব্দুল জলিল (৬০) এবং অজ্ঞাতপরিচয় যুবক (২৫)।
আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি নুরুন্নবী জানান, দুপুর ২টার দিকে উল্লাপাড়ার ব্রহ্মকাপালিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসযাত্রী গোলাম মোস্তফা লালন, হযরত আলী ও এক যুবক নিহত হয়।
এ দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হয় বলে জানান ওসি।
এর আগে ভোরে ইজতেমা ফেরত অতিরিক্ত যাত্রী নিয়ে একটি বাস দিনাজপুরে যাওয়ার সময় রায়গঞ্জ উপজেলার ভূঁইয়াগাতি এলাকায় রাস্তার পাশে উল্টে গেলে ঘটনাস্থলেই আব্দুল জলিল মারা যান। এ ঘটনায় আহত হয় অন্তত ২০ জন।
ওসি জানান, এছাড়া দুপুরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের রায়গঞ্জ উপজেলার নকলায় রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় আলেয়া বেগম মারা যান।
এ ব্যাপারে হাটিকুমরুল হাইওয়ে থানায় পৃথক তিনটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৬৩৩ ঘ.
bdnews24