২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিকলাঙ্গ রয়েল বেঙ্গল টাইগার উদ্ধার

খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি গ্রাম থেকে একটি বিকলাঙ্গ রয়েল বেঙ্গল টাইগার উদ্ধার করেছেন বনকর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2012, 04:04 PM

Updated : 24 Aug 2022, 10:35 AM

সাতক্ষীরা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি গ্রাম থেকে একটি বিকলাঙ্গ রয়েল বেঙ্গল টাইগার উদ্ধার করেছেন বনকর্মীরা। শনিবার সন্ধ্যায় বাঘটিকে আটক করা হয়। রোববার ঢাকায় প্রধান বন সংরক্ষকের (সিসিএফ) কার্যালয়ে পাঠানো হয়। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা তৌফিকুল ইসলাম বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার সন্ধ্যায় বিকলঙ্গ ক্ষুধার্ত বাঘটি সুন্দরবন খুলনা রেঞ্জের খাসিটানা নদী পার হয়ে কয়রার দক্ষিণ বেদকাশি গ্রামের সুজা উদ্দীনের বসত ঘরে ঢুকে পড়ে। বাঘ দেখে তারা রাস্তায় গিয়ে চিৎকার দিলে গ্রামবাসীরা ছুটে আসে। খবর পেয়ে বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জের বনকর্মীরা হাজির হন। শনিবার রাতে জাল দিয়ে বাঘটিকে ঘরের মধ্যে আটকে রাখে। রোববার সকালে ট্রাঙ্কুলাইজার ব্যবহার করে লোহার খাঁচায় ঢুকিয়ে সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া বন টহল ফাঁড়িতে নিয়ে আসা হয়। সেখান থেকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী হয়ে পিকাপযোগে ঢাকায় সিসিএফ কার্যালয়ে পাঠানো হয়। তৌফিকুল ইসলাম বলেন, বাঘটি বিকলাঙ্গ, ক্ষুধার্ত ও দুর্বল হওয়ায় পুনরায় সুন্দরবন ছেড়ে দিলে শিকার করে খেতে পারবে না। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাকে ঢাকায় সিসিএফ অফিসে পাঠানো হয়। সেখান থেকে তাকে কক্সবাজার বঙ্গবন্ধু সাফারি পার্কে নিয়ে ছেড়ে দেওয়া হবে। কলাগাছিয়া বন টহল ফাঁড়ির কর্মকর্তা বেলাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাদি বাঘটি সাড়ে ৭ ফুট লম্বা। বয়স আনুমানিক ৬ বছর। তিনি বলেন, বাঘটি জন্ম থেকে বিকলাঙ্গ। তার পিছনের ডান পাশের পা’টি ছোট হওয়ায় তিন পায়ে চলতে হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৫৫ ঘ.