কামাল হোসেন তালুকদার
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পল্টন সুপার মার্কেটে গহনা দোকানে চুরির ঘটনায় নতুন ভাড়া নেওয়া ‘দোকানিকে’ সন্দেহ করছে পুলিশ। ঘটনার পর থেকে পাওয়া যাচ্ছে না তাকে।
শুক্রবার সানফ্লাওয়ার জুয়েলার্স নামে ওই গহনা দোকানের দেওয়াল ভেঙে প্রায় সাড়ে ১২শ’ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়। এ ঘটনায় পল্টন থানায় একটি মামলা হয়েছে।
পল্টন থানার ওসি শহিদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে নতুন ভাড়া নেওয়া দোকানিই এই চুরির সঙ্গে জড়িত। পরিকল্পনা অনুযায়ী রাতে তার দোকানে চোরদের বাকি সদস্যরা অবস্থান নেয়। এবং সুবিধামতো সময়ে চুরির ঘটনাটি ঘটায়।”
মার্কেটের দোকানদাররা জানান, আব্দুর রউফ নামে এক ব্যক্তি ১৫ দিন আগে মাসিক ১০ হাজার টাকায় সানফ্লাওয়ার জুয়েলার্সের কাছেই আরেকটি দোকান ভাড়া নেন। বাহার কসমেটিক্স নামে যে দোকানের দেওয়াল ভেঙে চোরেরা জুয়েলারি দোকানে ঢুকেছিলো, নতুন ভাড়া নেওয়া দোকানটি ঠিক তার বিপরীতে।
তবে ভাড়া নেওয়ার সময় দেওয়া ঠিকানা অনুযায়ী পিরোজপুরে ওই দোকানির বাড়িতে খোঁজ নেওয়া হলেও সেখানে তাকে পাওয়া যায়নি বলে জানান ওসি শহিদুল হক।
তিনি বলেন, ১০ বছর ধরে আব্দুর রউফ গ্রামে যান না।
মার্কেটের ঝাড়–দারের রোববার বলেন, শুক্রবার সকালেও তিনি নতুন ভাড়া নেওয়া দোকানটিতে পাঁচজন আগন্তুককে দেখেছিলেন।
ঘটনা প্রসঙ্গে দোকান-মালিক সমিতির সভাপতি মনিরুল হক বলেন, “আমরা নিশ্চিত চুরির সঙ্গে আব্দুর রউফই জড়িত। তিনি চুরির উদ্দেশ্যেই দোকানটি ভাড়া নিয়েছিলেন।”
এদিকে গহনার দোকানে পাওয়া মোবাইল ফোনের সূত্র ধরে জড়িত সন্দেহে বিকাশ নামে এক যুবককে রোববার সকালে কেরানীগঞ্জ থেকে আটক করা হয়েছে।
১১ বছরে দুইবার চুরি
২০০১ সালে কোরবানী ঈদের বন্ধের সময় একই দোকানে চুরি হয়েছিলো। সেবার প্রায় সাড়ে ৪ হাজার ভরি স্বর্ণ খোয়া যায়। আর ১৩ জানুয়ারি চুরি যায় সাড়ে ১২শ’ ভরি।
দোকান মালিক সত্যব্রত নাগের ভাই সঞ্চয় ব্রত নাগের অভিযোগ, গত ১১ বছরেও আগের চুরির মালামাল উদ্ধার হয়নি। মূল আসামি পেয়ে গেছেন জামিন।
তিনি বলেন, “প্রথম চুরির সঙ্গে মার্কেটের নিরাপত্তাকর্মী সাগর জড়িত ছিলো। কিন্তু সাগর বর্তমানে জামিনে রয়েছে। এ ছাড়া সে সময় আরো পাঁচ/ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছিলো। সাগরের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ প্রায় ২০ ভরির মতো স্বর্ণ উদ্ধার করলেও মামলা নিষ্পত্তি না হওয়ায় সেটিও পাওয়া যাচ্ছে না।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/২১০৪ ঘ.
bdnews24