২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে জামায়াত-পুলিশ সংঘর্ষ: আহত ১২

দিনাজপুরের খানসামা উপজেলায় জামায়াতের সঙ্গে সংঘর্ষে ছয় পুলিশসহ অন্তত ১২ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2012, 02:19 PM

Updated : 24 Aug 2022, 10:35 AM

দিনাজপুর, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের খানসামা উপজেলায় জামায়াতের সঙ্গে সংঘর্ষে ছয় পুলিশসহ অন্তত ১২ জন আহত হয়েছে। রোববার বিকালে পাকেরহাটে এ সংঘর্ষের পর পুলিশ জামায়াতের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে। খানসামা থানার ওসি নাসিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জামায়াতের প্রায় দুই আড়াইশ নেতাকর্মী লাঠিসোটা ও রড নিয়ে মিছিল বের করে। পুলিশ লাঠিসোটা ফেলে দিতে বললে তারা পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। এতে লাঠি ও ইটের আঘাতে পুলিশের এসআই বেলাল, এএসআই সাহিদুল এবং চারজন কনেস্টবল আহত হন। ওসি আরো বলেন, পরিস্থিতি সামাল দিতে পুলিশ ১০ রাউন্ড শর্টগানের গুলি এবং এক রাউন্ড টিয়ার গ্যাস সেল নিক্ষেপ করেছে। এ সময় আব্দুল করিম ও সাত্তার নামে জামায়াতের দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আহতদের মধ্যে তিন পুলিশকে খানসামা উপজেলার পাকেরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, বলেন পুলিশ কর্মকর্তা। জামায়াতের খানসামা উপজেলা আমীর আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোলাম আযমের মুক্তির দাবিতে পাকেরহাট জিয়ামাঠ থেকে শান্তিপূর্ণ মিছিল করার সময় সোনালী ব্যাংক সামনে পুলিশ কোনো কারণ ছাড়াই মিছিলের উপর হামলা করলে সংঘর্ষ বাধে। এতে জামায়াতের ছয় সদস্য আহত হয় বলে তিনি দাবি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০১৬ ঘ.