ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আমিনবাজারে পিটিয়ে ছয় ছাত্রকে হত্যার ঘটনায় পুলিশের করা মামলায় পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে পাঠিয়েছে আদালত।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনে রোববার মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক মো. ওয়াসিম শেখ তিন দিন হেফাজত (রিমান্ড) মঞ্জুর করেন।
হেফাজতে নেওয়া পাঁচ জন হলেন- রহিম, ওয়াসিম, ফরিদ খান, রাজীব ও সাইফুল।
সংশ্লিষ্ট আদালতের পরিদর্শক রবীন্দ্র নারায়ণ সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, এদের কারো নাম এজাহারে নেই। গত বছরের বিভিন্ন সময় এদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।
মামলাটির তদন্ত কর্মকর্তা সিআইডির জ্যেষ্ঠ পুলিশ সুপার সিরাজুল হক জিজ্ঞাসাবাদের জন্য রাজীব, সাইফুলকে ১০ দিন এবং অন্যদের সাত দিন হেফাজত চান।
গত বছরের ১৭ জুলাই রাতে সাভারের আমিনবাজারের বরদেশী এলাকায় ডাকাত সন্দেহে ঢাকার ছয় ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়। আহত হয় আল-আমিন নামে এক যুবক। পরে জানা যায় এরা সবাই কলেজ ছাত্র।
এ ঘটনায় স্থানীয় বালু ব্যবসায়ী মো. আব্দুল মালেক ডাকাতির অভিযোগ এনে আল আমিনের বিরুদ্ধে একটি মামলা করেন। অন্যদিকে সাভার মডেল থানায় পাঁচ-ছয়শ জন গ্রামবাসীকে আসামি করে হত্যা মামলা করে পুলিশ।
এ ঘটনা তদন্তে দুুটি কমিটি করা হয়। এছাড়া ওই ঘটনায় যথাযথ ভূমিকা রাখতে না পারায় সাভার মডেল থানার আট পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/১৭১৬ ঘ.
bdnews24