২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণে লঞ্চে ‘রোটেশন পদ্ধতি’ বাতিল

দক্ষিণাঞ্চলের নৌ রুটে লঞ্চের ‘রোটেশন পদ্ধতি’ বাতিল করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2012, 09:59 AM

Updated : 24 Aug 2022, 10:35 AM

ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণাঞ্চলের নৌ রুটে লঞ্চের ‘রোটেশন পদ্ধতি’ বাতিল করেছে সরকার। রোটেশন পদ্ধতিতে মালিকদের ইচ্ছে অনুযায়ী লঞ্চ চলাচল করতো। অভিযোগ রয়েছে, এ পদ্ধতি অনুসরণ করে মালিকপক্ষ বেশি মুনাফার জন্য অনেক সময় লঞ্চের সংখ্যা কমিয়ে দিতো। রোববার দুপুরে মন্ত্রণালয়ের এক সভা শেষে নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান রোটেশন পদ্ধতি বাতিলের ঘোষণা দিয়ে বলেন, “আগামীকাল সোমবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।” বিগত জোট সরকারের আমলে ব্যক্তি-স্বার্থকে প্রাধান্য দিয়ে রোটেশন পদ্ধতি চালু করা হয়েছিলো- এমন দাবি করে মন্ত্রী বলেন “তাদের দায় আমাদের ঘাড়ে চেপেছিলো, এ ঘোষণার মাধ্যমে যাত্রীদের ভোগান্তি শেষ হবে।” সভার সিদ্ধান্ত অনুযায়ী, বরিশাল-ঢাকা রুটে প্রতিদিন ৪টি করে, ঢাকা-পটুয়াখালী রুটে ৩টি এবং ঢাকা-ভোলা রুটে প্রতিদিন ৩টি করে লঞ্চ উভর স্থান থেকে চলাচল করবে। রোটেশন পদ্ধতি বাতিল হওয়াতে নির্দিষ্ট সংখ্যক লঞ্চ চলাচল করবে এবং ইচ্ছাকৃতভাবে কোন লঞ্চ বন্ধ রাখা হলে সময়সূচি বাতিল করা হবে বলেও সভায় সিদ্ধান্ত হয়েছে। পর্যালোচনায় সার্ভে কমিটি শাজাহান খান জানান, রোটেশন পদ্ধতি বাতিল হওয়ায় মালিকদের ব্যবসায়িক স্বার্থ অক্ষুণœ থাকবে কিনা- তা পর্যালোচনায় একটি সার্ভে কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আলাউদ্দিনকে আহ্বায়ক করে ১০ সদস্যর ওই কমিটি এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দেবে। প্রতিবেদন জমা দেওয়ার পর বিবেচনা করা হবে কোন রুটে কতটি লঞ্চ চলাচল করতে পারবে, যোগ করেন মন্ত্রী। এক প্রশ্নের জবাবে বাংলাদেশ অভ্যন্তরীণ যাত্রী পরিবহন সংস্থার সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ বলেন “যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এতে আমাদের কোনো আপত্তি নেই।” সভায় বরিশালের মেয়র শওকত হোসেন হিরণসহ লঞ্চ মালিক নেতারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএল/১৫৫৭ ঘ.