২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আখেরি মোনাজাতে হাত তুললো লাখো মানুষ

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হয়েছে। এতে অংশ নিয়ে লাখো মানুষ বিশ্ব মুসলিমের কল্যাণ কামনায় প্রার্থনা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2012, 03:16 AM

Updated : 24 Aug 2022, 10:35 AM

আবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম টঙ্গী (গাজীপুর), জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হয়েছে। এতে অংশ নিয়ে লাখো মানুষ বিশ্ব মুসলিমের কল্যাণ কামনায় প্রার্থনা করেছেন। রোববার দুপুরে আখেরি মোনাজাত হয়। মোনাজাত পরিচালনা করেন বিশ্ব তাবলিগ জামায়াতের অন্যতম শীর্ষ নেতা ভারতের মাওলানা জোবায়েরুল হাসান। দুপুর ১২টা ৩৫ থেকে ১২টা ৫৫ পর্যন্ত চলে মোনাজাত। এবারের মোনাজাতে ৩৫ লাখ মুসল্লি অংশ নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। মোনাজাতে অংশ নেওয়া ঢাকার গোপীবাগের আব্দুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি গরিব মানুষ। ইচ্ছা করলেও হজ করতে পারবো না, তাই ইজতেমাই আমার জন্য হজ। আল্লাহর কাছে নিজের এবং দেশের সবার জন্য দোয়া চাইতেই মোনাজাত করেছি।” ৫০ বছর বয়সি এই ব্যক্তি ভোরে এসেছেন ইজতেমায়। মূল মাঠে যেতে না পেরে টঙ্গী সরকারি হাসপাতালের মাঠে বসে ছিলেন তিনি। ময়মনসিংহের গফরগাঁওয়ের খাওরাপাড়া এলাকার মনোয়ারা বেগম (৬৫) বলেন, “জীবনে বুঝে, না বুঝে অনেক পাপ করছি। আল্লাহ যদি পাপ থেকে মুক্তি দেয়, সেই আশায় মোনাজাত করেছি।” রোববার প্রথম পর্যায় শেষ হওয়ার পর চার দিন বিরতি দিয়ে ২০ জানুয়ারি শুরু হবে তাবলিগ জামায়াতের বার্ষিক এই সম্মিলনের দ্বিতীয় পর্ব। ২২ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ইজতেমা। মুসল্লির সংখ্যা বেড়ে যাওয়ায় গত বছর থেকে রাজধানীর উপকণ্ঠে গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদীর তীরে দুই পর্বে ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুক্রবার ইজতেমা শুরু হয়। তাবলিগ জামায়াতের সদস্যদের পাশাপাশি দেশের নানা প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা এতে যোগ দিতে থাকেন, শুনতে থাকেন বয়ান। শুক্রবার লাখো মুসল্লি একসঙ্গে জুমার নামাজে অংশ নেন। রোববার শীতের সকালে ঢাকার বিভিন্ন স্থান থেকে মুসল্লিদের ঢল নামে টঙ্গীপানে। ইজতেমার জন্য গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করায় অনেকে হেঁটেও যান। সকালে ইজতেমা ময়াদানে গিয়ে দেখা যায় তা কানায় কানায় পূর্ণ। মুসল্লীরা মাঠের আশে-পাশের রাস্তা, অলি-গলিতে অবস্থান নেন। ময়দানে ঢুকতে না পেরে কয়েক লাখ মানুষ কামাড়পাড়া সড়ক ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পুরনো খবরের কাগজ, পাটি, সিমেন্টের বস্তা কিংবা পলিথিন বিছিয়ে বসেন। আশপাশের বাসা-অফিস-দোকানের ছাদেও ছিল মানুষ। তুরাগ নদীতে নৌকায়ও অনেক মুসল্লি অবস্থান নেন। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া আখেরি মোনাজাতে অংশ নিয়ে বিশ্ব মুসলিমের কল্যাণ কামনার প্রার্থনায় শরিক হন। রাষ্ট্রপতি ইজতেমার মূল প্যান্ডেলে বসে মোনাজাতে অংশ নেন। ওই প্যান্ডেলে ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদও। প্রধানমন্ত্রী আখেরি মোনাজাতে অংশ নেন গণভবন থেকে। তবে বরাবরের মতো টঙ্গীর বাটা শু কারখানার ছাদে তার অবস্থানের জন্য বিশেষ প্যান্ডেল করা হয়েছিল। বিরোধীদলীয় নেতা মোনাজাত করেন হোন্ডা (এটলাস) কারখানার ছাদে বসে। তার সঙ্গে ছিলেন বিএনপি নেতা আ স ম হান্নান শাহ, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, এম এ মান্নান, ফজলুল হক মিলন, হাসান উদ্দিন সরকার, শাহান শাহ প্রমুখ। ভিড় এড়াতে ইজতেমায় না গিয়ে ময়দানের প্রায় ১২ কিলোমিটার দূরে গাজীপুর সদরের চান্দনা চৌরাস্তা ঈদগাহ ময়দানে কয়েক হাজার মুসল্লিকে মোবাইল ফোনে শুনে মোনাজাতে শরিক হতে দেখা যায়। মোনাজাত শেষ হওয়ার পরপরই সব মানুষ এক সঙ্গে গন্তব্যে ফেরার চেষ্টা করেন। এতে টঙ্গীর আশেপাশের সড়ক-মহাসড়কগুলোতে সৃষ্টি হয় জনজট। আখেরি মোনাজাতের দিন স্থানীয় পুলিশ প্রশাসনের অনুমতি নিয়ে ভোর থেকে কিছু বাস চললেও এতে অতিরিক্ত ভাড়া নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। ইজতেমা মাঠের বিদেশি নিবাসের পূর্ব পাশে মঞ্চ থেকে আখেরি মোনাজাত শুরু হওয়ার আগে হেদায়তি বয়ান করেন ভারতের মাওলানা সা’দ। ১৭ হাজার বিদেশি এবার ইজতেমায় যোগ দিতে এসেছেন বলে আয়োজকরা জানান। মুরব্বিদের দেওয়া তথ্য অনুযায়ী, গত তিন দিনে ইজতেমাস্থলে আসা ১১ জন মুসল্লির মৃত্যু হয়েছে হৃদরোগে। তারা হলেন- বরিশালের আব্দুল মজিদ (৬৫), সিরাজগঞ্জের হাবিবুর রহমান (৭০), চট্টগ্রামের নজীব উল্যাহ (৬০), ফেনীর মো. মোস্তফা (৬০), মাদারীপুরের রতন সরকার (৫০), হবিগঞ্জের আব্দুল গফুর খাঁন (৫৫), কুষ্টিয়ার আলিম উদ্দিন সরকার (৭০), ভোলার সফিউল্লাহ চৌধুরী (৬৫), নরসিংদীর আ. জলিল (৫৫), গাজীপুরের কেরামত আলী (৭৫) ও ঝালকাঠির আব্দুল আজিজ (৭৫)। ইজতেমা এলাকায় গত ক’দিনে ভ্রাম্যমাণ আদালত বিশুদ্ধ খাদ্য আইন ও দণ্ডবিধিতে মোট ৫৩টি মামলা এবং ১ লাখ ৩ হাজার ৭৫০ টাকা জরিমানা আদায় করেছেন। ১৯৪৬ সাল থেকে বাংলাদেশে (তৎকালীন বাংলা) বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। শুরুতে ইজতেমা হতো ঢাকার কাকরাইল মসজিদে। এরপর ’৪৮-এ চট্টগ্রামের হাজি ক্যাম্পে এবং ’৫৮তে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইজতেমা অনুষ্ঠিত হয়। ইজতেমায় লোক সমাগম বাড়তে থাকায় ১৯৬৬ সালে গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হয় বিশ্ব ইজতেমার আয়োজন। এরপর থেকে এখানেই ইজতেমা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএম/এমএমআর/এমআই/১৬৫০ ঘ.