বাগেরহাট, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড় দুর্গতদের জন্য বাগের হাটের শরণখোলায় নতুন দুটি আশ্রয়কেন্দ্র উদ্বোধন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক।
শনিবার এগুলো উদ্বোধনের সময় তিনি বলেন, আইলায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ঘরবাড়ি নির্মাণের পাশাপাশি ৪৭ হাজার পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। চার লাখ পরিবারকে মাসে ২০ কেজি করে চাল দেওয়া হয়েছে।
মন্ত্রী এদিন ১৬টি গৃহহীন পরিবারের সদস্যদের আশ্রয়কেন্দ্রের ফ্ল্যাটের চাবি ও চুক্তিপত্র হস্তান্তর করেন।
প্রায় তিন কোটি টাকা ব্যয়ে ছয়তলা বিশিষ্ট এ দু’টি আশ্রয়কেন্দ্র নির্মাণ করেছে ডেসটিনি এডুকেশন অ্যান্ড হেলথ ফাউন্ডেশন। ৩৯ শতক জমির ওপর নির্মিত ভবন দু’টির প্রথম ও ষষ্ঠ তলা আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। দ্বিতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত ১৬টি ফ্ল্যাটে ১৬টি গৃহহীন পরিবার পাঁচ বছরের জন্য বসবাস করবে।
২০০৭ সালের ১৫ নভেম্বর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডর বিধ্বস্ত শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের চাল রায়েন্দা গ্রামের তাফালবাড়িতে এ দু’টি ভবন নির্মাণ করা হয়েছে। এখানে দুর্যোগের সময় পাঁচ হাজারের বেশি মানুষ আশ্রয় নিতে পারবে। ২০১০ সালের ১২ মে এই আশ্রয়কেন্দ্রের নির্মাণ শুরু হয়।
ডেসটিনি গ্র“প ও ফাউন্ডেশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, স্থানীয় সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী ডা. মোজাম্মেল হোসেন, ডেসটিনি গ্র“পের ফাউন্ডেশনের চেয়ারম্যান রফিকুল আমিন, বাগেরহাটের জেলা প্রশাসক আকরাম হোসেন, শরণখোলার উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন আকন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান এবং রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/প্রতিনিধি/পিডি/২০৩৬ ঘ.
bdnews24