চাঁপাইনবাবগঞ্জ, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে কমিউনিটি রেডিও মহানন্দা।
শনিবার চাঁপাইনবাবগঞ্জের চাঁপাই-পলশা গ্রামে রেডিও মহানন্দা’র উদ্বোধন করেন জাপান দূতাবাসের কাউন্সিলর মাসাইউকি তাগা।
জাপানের আর্থিক সহায়তার রেডিও মহানন্দা’র ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন-বিএনএনআরসি। ১৭ কিলোমিটারের মধ্যে থাকা শ্রোতারা এর কার্যক্রম শুনতে পারবেন প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত। এটি শোনা যাবে এফএম ৯৮.৮ মেগাহার্জে।
মাসাইউকি তাগা বলেন, এই রেডিও চালু হওয়ার ফলে পিছিয়ে পড়া জনগোষ্ঠী শিক্ষা-স্বাস্থ্য-দুর্যোগ ইত্যাদি বিষয়ে সচেতন হবে। আর্থ-সামাজিক উন্নয়নে এই রেডিও ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
রেডিও মহানন্দা ভবনে বিএনএনআরসি সভাপতি খন্দকার আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যক্ষ সুলতানা রাজিয়া, পুলিশ সুপার সাজ্জাদুর রহমান ও বিএনএনআরসি’র সিইও এ এইচ এম বজলুর রহমান।
অনুষ্ঠানে মহানন্দা রেডিও’র কলাকুশলি, সাংবাদিক, শিক্ষক, আইনজীবীসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে ‘প্রয়াস ফোক থিয়েটার’ সঙ্গীত ও নাটক প্রদর্শন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৯৩৯ ঘ.
bdnews24