খাগড়াছড়ি, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ- পিসিপি’র ১৯তম কাউন্সিল শেষে নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।
কাউন্সিলের শেষ দিন শুক্রবার পার্বত্য জেলা থেকে অংশগ্রহণকারী ছাত্র প্রতিনিধিরা ২৩ সদস্যের কেন্দ্রীয় কমিটি অনুমোদন করেন।
সুমেন চাকমাকে সভাপতি, থুইক্যচিং মারমাকে সাধারণ সম্পাদক ও আপ্রুসি মারমাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট সমর্থিত পিসিবি’র এই কমিটি গঠন করে কাউন্সিল।
বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলা সদরের নারানখিয়াস্থ সাংস্কৃতিক ইনস্টিটিউটের হলরুমে কাউন্সিলের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপিডিএফ-এর কেন্দ্রীয় সদস্য সচিব চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইকেল চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কণিকা দেওয়ান, পিসিবি’র সভাপতি অংগ্য মারমা।
কাউন্সিলে নেতৃবৃন্দ পার্বত্য চট্টগ্রামে পূর্ণ স্বায়ত্তশাসনের জন্য ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৬৫৫ ঘ.
bdnews24