ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়ের আহমেদ নিহত হওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছেন উপার্চার্য শরীফ এনামুল কবিরের পক্ষ-বিপক্ষের শিক্ষকরা।
জুবায়ের হত্যার বিচার, ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা এবং প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচার বন্ধের দাবিতে উপাচার্যপন্থী শিক্ষকরা ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষক সমাজ’ ব্যানারে শনিবার সকালে ক্যাম্পাসে মৌন মিছিল ও সমাবেশ করেন। আর অন্যপক্ষের শিক্ষকরা জুবায়েরের হত্যাকারীদের রাষ্ট্রীয় আইনে বিচারসহ ৮ দফা দাবিতে একই ধরনের কর্মসূচি পালন করেন ‘সচেতন শিক্ষক সমাজ’ ব্যানারে।
গত ৮ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী জুবায়েরকে কুপিয়ে আহত করে ছাত্রলীগের একদল কর্মী, যারা ক্যাম্পাসে উপাচার্যের সমর্থনপুষ্ট হিসেবে পরিচিতি। পরদিন হাসপাতালে মারা যায় জুবায়ের।
এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া তিন ছাত্রকে আজীবন বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অব্যাহতি দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তাকেও।
জুবায়ের হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনে ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ‘সচেতন শিক্ষক সমাজ’ ব্যানারে শিক্ষকরা ৮ দফা দাবিতে মৌন মিছিল করেন সকালে। ১১টায় বিশ্ববিদ্যালয়ের অমর একুশে ভাস্কর্য প্রাঙ্গণ থেকে মিছিল করে কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হন তারা।
সমাবেশে সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক নাসিম আখতার হোসাইন বলেন, “জুবায়ের আমাদেরই সন্তান। প্রশাসনকে জুবায়ের হত্যাকারীদের মদদ প্রদান বন্ধ করতে হবে। আমাদের আন্দোলন চলছে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”
নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক মানস চৌধুরী বলেন, “বর্তমান প্রশাসনের তিন বছরে কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে বিশ্ববিদ্যালয়ের প্রায় ২৫ শতাংশ শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে, ৪০ বছরের ইতিহাসে এতো শিক্ষক নিয়োগ হয়নি। এসব অযোগ্য শিক্ষকদের প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও বসানো হয়েছে। জুবায়ের হত্যা এ প্রশাসনের অযোগ্যতার স্বাক্ষর।”
পরিসংখ্যান বিভাগের অধ্যাপক আব্দুল মতিন, নৃবিজ্ঞান বিভাগের নাসরিন খন্দকার, ইতিহাস বিভাগের এটিএম আতিকুর রহমান, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক শামছুল আলম সেলিম, পরিবেশ বিজ্ঞানের জামাল উদ্দিন রুনু, প্রাণিবিদ্যা বিভাগের মনোয়ার হোসেন তুহিন এ সময় উপস্থিত ছিলেন।
এদিকে একই সময়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবন থেকে মৌন মিছিল বের করে জহির রায়হান মিলনায়তনের সামনে সমাবেশে মিলিত হন উপাচার্য শরীফ এনামুল কবিরের সমর্থক শিক্ষকরা।
উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষক আবুল খায়ের এই সমাবেশে বলেন, “প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচার চলছে। ক্যাম্পাসের শান্তি বিঘিœত করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব করা হচ্ছে।”
নওয়াব ফয়জুন্নেসা হলের প্রাধ্যক্ষ বদিয়ার রহমান, আমির হোসেন, ইংরেজি বিভাগের অধ্যাপক শাহিনুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ আব্দুল মান্নান চৌধুরী, মাওলানা ভাসানী হলের প্রধ্যক্ষ খবির উদ্দিন, রসায়ন বিভাগের কামাল হোসেন, সরকার ও রাজনীতি বিভাগের ফিরোজ উল হাসান এ সময় উপস্থিত ছিলেন।
এদিকে গত বৃহস্পতিবার শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এম এ মামুন সমিতির সভায় লাঞ্ছিত হওয়ায় সকাল ১০টায় পদার্থ বিজ্ঞান ভবনের সামনে বিক্ষোভ মিছিল করে পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। তারা প্রক্টর আরজু মিয়ার পদত্যাগের দাবি জানান।
‘সন্ত্রাসের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। বিশ্ববিদ্যালয়ের অনেক সাবেক শিক্ষার্থীও তাদের সঙ্গে যোগ দেন।
জুবায়ের হত্যার বিচারসহ ৪ দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/আরএ/জেকে/১৬১৪ ঘ.
bdnews24