ব্রাহ্মণবাড়িয়া, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা পাঁচ দিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর চালু হয়েছে।
শনিবার সকালে মাছ রপ্তানির মধ্য দিয়ে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়।
আখাউড়া স্থলবন্দর সিএ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল জানান, সকাল ৯টায় মাছ রপ্তানি শুরু হয়।
বন্দর এলাকায় কমপক্ষে দুই শতাধিক পণ্যবাহী ট্রাক রপ্তানির অপেক্ষায় আছে বলে জানান তিনি ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগরতলা সফর, আখাউড়া পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন এবং সাপ্তাহিক ছুটির ফলে গত ৯ থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত টানা পাঁচ দিন আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/আরএ/১৫৫৪ ঘ.
bdnews24