প্রদীপ চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নানা বিড়ম্বনা আর বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়ে সরকারের পদমর্যাদাক্রম তালিকায় (ওয়ারেন্ট অব প্রিসিডেন্স) চেয়ারম্যান ও দুই কমিশনারের পদমর্যাদা উল্লেখ করতে মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আবরো চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন- দুদক।
এ সংস্থার চেয়ারম্যান ও দুই কমিশনারকে ‘প্রটোকল’ অনুযায়ী সম্মান প্রদর্শনের পাশাপাশি দুুদকের পতাকাবাহী গাড়ি চলাচল নির্বিঘœ করতে পুলিশের মহা পরিদর্শককেও চিঠি দেওয়া হয়েছে আলাদাভাবে।
এ বিষয়ে দুদক চেয়ারম্যান গোলাম রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুদক একটি সংবিধানিক প্রতিষ্ঠান। এর মর্যাদা ও সম্মান রয়েছে। এ বিষয়টা স্মরণ করিয়ে দিতেই চিঠি দেওয়া।”
স¤প্রতি দুদকের কমিশনাররা বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠান ও প্রতিষ্ঠানে গিয়ে যথাযথ মর্যাদা পাননি উল্লেখ করে তিনি বলেন, “এটা আমাদের জন্য লজ্জার।”
গত ৮ জানুয়ারি মন্ত্রিপরিষদ সচিবের বরাবরে পাঠানো চিঠিতে বলা হয়, আইন অনুয়ায়ী কমিশনের চেয়ারম্যানের পদমর্যাদা সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারপতি এবং কমিশনারদের পদমর্যাদা হাইকোর্টের বিচারপতির সমান।
কিন্তু সরকারের পদমর্যাদাক্রম তালিকায় বিষয়টির উল্লেখ না থাকায় সমস্যা হচ্ছে উল্লেখ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে ওই চিঠিতে।
বর্তমান পদমর্যাদাক্রম তালিকায় সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারপতিদের অবস্থান ৮ নন্বরে। প্রধান নির্বাচন কমিশনার, পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান, প্রতিমন্ত্রী, সংসদে বিরোধী দলীয় উপনেতা ও হুইপও একই মর্যাদা রাখেন।
পদমর্যাদাক্রম তালিকায় হাইকোর্ট বিভাগের বিচারপতিদের সঙ্গে ৯ নম্বর অবস্থানে রয়েছেন নির্বাচন কমিশনার ও প্রতিমন্ত্রী মর্যাদার ব্যক্তিরা।
দুদকের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত বছর স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দুদকের একজন কমিশনারকে অন্য সরকারি কর্মকর্তাদের জন্য সংরক্ষিত আসনে বসানো হয়।
এর কিছুদিন আগে আরেক কমিশনার বিদেশে যাওয়া সময় তাকে বিমানবন্দরের ভিআইপিদের জন্য বরাদ্দ এক নম্বর লাউঞ্জ ব্যবহার করতে দেওয়া হয়নি। অথচ পদমর্যাদা অনুযায়ী তিনি সেখানে বসতে পারেন।
গত বছরের ২৫ জুলাই বঙ্গবভবনে প্রয়াত ইন্দিরা গান্ধীকে সম্মাননা প্রদান অনুষ্ঠানেও দুদক কমিশনারদের গাড়ি নিয়ে প্রবেশে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয় বলে জানান ওই কর্মকর্তা।
ওইদিন প্রয়াত ইন্দিরার পক্ষে তার পুত্রবধূ সোনিয়া গান্ধী রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের হাত থেকে সম্মাননা গ্রহণ করেন।
দুদক কর্মকর্তা আরো জানান, গাড়িতে সংস্থার পতাকা থাকলেও চলাচলের ক্ষেত্রে বিড়ম্বনার শিকার হতে হয় চেয়ারম্যান ও কমিশনারদের। ট্রাফিক সিগন্যালে দীর্ঘক্ষণ আটকে রাখা হয় তাদের গাড়ি। পাশাপাশি প্রটোকল অনুয়ায়ী সম্মানও দেখানো হয় না।
এসব ঘটনার পরিপ্রেক্ষিতে গত ৮ জানুয়ারি কমিশনের বৈঠকে উদ্বেগ প্রকাশ করা হয়। পদমর্যাদাক্রম তালিকায় উল্লেখ এবং বিভিন্ন অনুষ্ঠানে পদমর্যাদা অনুসারে আসন বরাদ্দ করার ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয় ওই বৈঠকেই।
এ বিষয়ে দুদক কমিশনার সাহাবুদ্দিন চুপপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এর আগেও এ বিষয়ে ব্যবস্থা নিতে চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু কোনো উদ্যোগ নেওয়া হয়নি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জেকে/১৩৫০ ঘ.
bdnews24