আবুল হোসেন
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
গাজীপুর, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে টঙ্গী শহর এবং ইজতেমার মাঠ পরিণত হয়েছে জনসমুদ্রে। মূল প্যান্ডেলে স্থান না পেয়ে মুসল্লিরা বাইরে সামিয়ানা টানিয়ে অবস্থান নিয়েছেন বয়ান শোনার জন্য।
ইজতেমার দ্বিতীয় দিন শনিবারও বাস, ট্রাক, ট্রেন, লঞ্চসহ বিভিন্ন যানবাহনে করে হাজার হাজার মানুষ টঙ্গীতে এসেছেন তাবলিগ জামায়াতের এই বিশ্ব সম্মেলনে যোগ দিতে। রোববার আখেরি মোনাজাতের আগ পর্যন্ত মানুষের এই ঢল চলবে।
বিকেলে আসরের নামাজের আগে তাবলিগের রেওয়াজ অনুযায়ী যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয় ইজতেমা মাঠে। বিয়ে পড়ান ভারতের মাওলানা জোবায়েরুল হাসান। এজন্য শনিবার সকাল থেকেই অভিভাবকরা পাত্র-পাত্রীদের নাম তালিকাভুক্ত করেন।
বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বয়ান মঞ্চ থেকে মোনাজাতের মাধ্যমে নব দম্পতিদের সুখ-সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। মঞ্চের আশে-পাশের মুসুল্লীদের মাঝে বিতরণ করা হয় খোরমা-খেজুর।
কড়া নিরাপত্তার মধ্যে শুক্রবার ভোরে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়। গতবারের মতো এবারো দুই পর্যায়ে ইজতেমা হচ্ছে।
শনিবার ফজরের পর মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান শুরু করেন পাকিস্তানের মাওলানা মো. এহসান। জোহরের পর বাংলাদেশের মাওলানা নুরুল হক এবং আসরের পর ভারতের জোবায়েরুল হাসান বয়ান করেন। বাদ মাগরিব ভারতের আহম্মেদ লাট বয়ান করবেন বলে জানা গেছে।
ইজতেমাস্থলে আসার ব্যাপারে আয়োজক কর্তৃপক্ষের নিষেধ থাকলেও অনেক নারীকে দেখা গেছে ইজতেমাস্থলের বাইরে অবস্থান নিয়ে বয়ান ও জিকির শুনতে।
রোবাবার ইজতেমা মাঠের বিদেশি নিবাসের পূর্ব পাশে মঞ্চ থেকে বেলা সাড়ে ১১টা থেকে ১টার মধ্যে শুরু হবে আখেরি মোনাজাত। এর আগে হবে হেদায়তি বয়ান। হেদায়তি বয়ান করবেন ভারতের মাওলানা সা’দ এবং দোয়া পরিচালনা করবেন বিশ্ব তাবলিগ জামাতের মুরুব্বি মাওলানা জোবায়েরুল হাসান।
তবে তাবলিগের মুরুব্বীরা এবারও রেডিও-টিভিতে আখেরি মোনাজাত সরাসরি স¤প্রচারের অনুমতি দেননি।
নিরাপত্তায় ১০ হাজার পুলিশ-র্যাব
শনিবার সকালে টঙ্গীর টেলিফোন শিল্প সংস্থার মাঠে পুলিশের এক সংবাদ সম্মেলনে ইজতেমার নিরাপত্তার বিষয়টি তুলে ধরা হয়।
পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি আসাদুজ্জামান মিয়া জানান, টঙ্গী ব্রিজ থেকে জয়দেবপুর চৌরাস্তা, মীরের বাগ থেকে আশুলিয়া পযন্ত এলাকায় পুলিশ-র্যাবসহ বিভিন্ন আইনশৃংখলা বাহিনীর ১০ হাজার সদস্য দায়িত্ব পালন করছেন।
ইজতেমা মাঠ সাবক্ষণিক পর্যবেক্ষণের জন্য ১৬টি স্পটে ৩২টি ক্লোজড সার্কিট ক্যামেরার সংযোগ দেওয়া হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
এ সময় আরো বক্তব্য রাখেন সংসদ সদস্য আ ক ম মোজাম্মেল হক ও জাহিদ আহসান রাসেল, অতিরিক্ত ডিআইজি মাহফুজুল হক নুরুজ্জামান, জেলা প্রশাসক কামাল উদ্দিন তালুকদার, পুলিশ সুপার আব্দুল বাতেন, টঙ্গী পৌরসভার চেয়ারম্যান আজমত উল্যাহ খান।
১৭ হাজার বিদেশি মুসল্লি
ইজতেমার প্রথম পর্বের প্রথম দিন মিসর, ওমান, সৌদি আরব, সংযুক্ত আরব-আমিরাত, কাতার, অস্ট্রেলিয়া, ব্র“নাই, কানাডা, কম্বোডিয়া, ডেনমার্ক, ফিনল্যান্ড, জার্মানি, ইরান, জাপান, মাদাগাস্কার, মালি, মোজাম্বিক, নাইজেরিয়া, পানামা, সেনাগাল, দক্ষিণ আফ্রিকা, তাঞ্জানিয়া, ত্রিনিদাদ, রাশিয়া, আমেরিকা, জিম্বাবুয়ে, বেলজিয়াম, ক্যামেরুন, চীন, কমোরেস, ফিজি, ফ্রান্স, ইন্দোনেশিয়া, ইতালি, কেনিয়া, মালয়শিয়া, মায়ানমার, নিউজিল্যান্ড, নরওয়ে, ফিলিপাইন, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, সুইডেন, থাইল্যান্ড, তুরস্ক, যুক্তরাজ্য, জাম্বিয়া, কোরিয়া, আলজেরিয়া, জিবুতি, ইথিউপিয়া, ইরাক, ফিলিস্তিন, কুয়েত, মরক্কো, কাতার, সোমালিয়া, সিরিয়া, তিউনিসিয়া, ইয়েমেন, পাকিস্তান, বাহরাইন, ইরিত্রিয়া, জর্ডান, মৌরিতানিয়া, ভারত, সুদান, দুবাইসহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের প্রায় ১৭ হাজার মুসল্লি ইজতেমায় অংশ নিচ্ছেন।
আরো এক মুসল্লির মৃত্যু
বিশ্বইজতেমার মাসলাহাল জামাতের আমির মো. আদম আলী জানান, শুক্রবার রাতে আরো এক মুসল্লি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি বরিশালের আব্দুল মজিদ (৬৫)।
এর আগে বৃহস্পতিবার রাত ও শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে আরো আট জানের মৃত্যু হয়। এরা হলেন- সিরাজগঞ্জের হাবিবুর রহমান (৭০), চট্টগ্রামের নজীব উল্যাহ (৬০), ফেনীর মো. মোস্তফা (৬০), মাদারীপুরের রতন সরকার (৫০), হবিগঞ্জের আব্দুল গফুর খাঁন (৫৫), কুষ্টিয়ার আলিম উদ্দিন সরকার (৭০), ভোলার সফিউল্লাহ চৌধুরী (৬৫) এবং নরসিংদীর আ. জলিল (৫৫)।
প্রথম পর্ব শেষ হওয়ার পর চার দিন বিরতি দিয়ে ২০ জানুয়ারি শুরু হবে ইজতেমার দ্বিতীয় দফা। ২২ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব তাবলিগ জামাতের বার্ষিক এই সম্মিলন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৭৫০ ঘ.
bdnews24