ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মঞ্চের ঘর-গেরস্থালিতে যিনি বাংলা নাটকের মূল সুর খুঁজে গেছেন আজীবন, সেই নাট্যকার সেলিম আল দীনের চতুর্থ মৃত্যুবার্ষিকী শনিবার।
এ উপলক্ষে চার দিনের কর্মসূচি শুরু করেছে সেলিম আল দীন ফাউন্ডেশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমী। ঢাকা ও চট্টগ্রামে এবার তার প্রয়াণের দিনটি পালিত হচ্ছে সেলিম আল দীন স্মরণোৎসব নামে।
২০০৮ সালের ১৪ জানুয়ারি মারা যান এই কৃতি নাট্যকার। রবীন্দ্রপরবর্তী বাংলা নাট্যসাহিত্যে গুরুত্বপূর্ণ অবদানের জন্য যাকে বলা হয় নাট্যাচার্য।
বাঙালির নিজস্ব বর্ণনাত্মক নাট্যরীতিকে সর্বজনগ্রাহ্য করার জন্য দীর্ঘ গবেষণার পর তিনি রচনা করে গেছেন ‘মধ্যযুগের বাঙলা নাট্য’ নামে একটি আকরগ্রন্থ। তিনিই লিখে গেছেন প্রথম বাঙলা নাট্যকোষ।
১৯৪৯ সালের ১৮ অগাস্ট ফেনী জেলার সেনেরখিলে জন্মগ্রহণ করেন সেলিম আল দীন। ঢাকা থিয়েটার ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের অন্যতম প্রতিষ্ঠাতা তিনি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ প্রতিষ্ঠা করে তিনি নাটককে এ দেশের উচ্চতর প্রাতিষ্ঠানিক শিক্ষায় অন্তর্ভুক্ত করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
সেলিম আল দীন তার গবেষণায় বৃটিশ ঔপনিবেশিক ধ্যান-ধারণাপুষ্ট প্রচলিত নাটকের ইতিহাসকে প্রত্যাখ্যান করেছেন। তার হাত দিয়েই এসেছে আলোচিত কিছু নাট্য উপাখ্যান, যার মধ্যে কেরামতমঙ্গল, কিত্তনখোলা, হাতহদাই, বনপাংশুল, চাকা, হরগজ, প্রাচ্য, নিমজ্জন, ধাবমান ও পুত্র উল্লেখযোগ্য।
কাজের স্বীকৃতি হিসেবে একুশে পদক ও বাংলা একাডেমী সাহিত্য পুরস্কারসহ অসংখ্য পুরস্কার পেয়েছেন এই নাট্যকার।
সেলিম আল দীনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সেলিম আল দীন ফাউন্ডেশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমী যৌথভাবে ১৩ থেকে ১৬ জানুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে চারদিনব্যাপী কর্মসূচি পালন করছে। এতে সহযোগিতায় রয়েছে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, বুনন থিয়েটার ও চট্টগ্রামের সংগঠন নাট্যাধার ও প্যান্টোমাইম মুভমেন্ট।
সেলিম আল দীন স্মরণোৎসবের আহ্বায়ক নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ বলেন, “ভবিষ্যতে এই উৎসবকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।”
এ ছাড়া গ্রাম থিয়েটার অন্তর্ভুক্ত বিভিন্ন সংগঠন সারা দেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নাট্যাচার্যকে স্মরণ করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/জেকে/০৯৩০ ঘ.
bdnews24