নারায়ণগঞ্জ, জানুয়ারি ১৩(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত বাসভাড়া প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের মিছিলে পুলিশের হামলার প্রতিবাদে সমাবেশ করেছে তারা।
শুক্রবার বিকালে শহরের চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা আগামী ৩১ জানুয়ারির মধ্যে বর্ধিত বাস ভাড়া প্রত্যাহার এবং বিনা উস্কানিতে শহীদ মিনারে ঢুকে সংগঠনের নেতাকর্মীদের উপর পুলিশী হামলায় জড়িতদের শাস্তি দাবি করেন।
তা নাহলে হরতালসহ কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুশিয়ার তরেন তারা।
গত বুধবার চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের মিছিলে হামলা করে পুলিশ।
ফোরামের আহবায়ক রফিউর রাব্বির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ১৪ দল নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক ও শহর আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন, সিপিবি জেলা সাধারণ সম্পাদক দুলাল সাহা, বাসদ জেলা সমন্বয়ক নিখিল দাস, ওয়াকার্স পার্টির হিমাংশু সাহা, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান, গণসংহিত আন্দোলন জেলা সংগঠক তরিকুল সুজন, ন্যাপের শহর সাধারণ সম্পাদক এবি সিদ্দিক, গণফোরামের জেলা আহবায়ক দেলোয়ার হোসেন চুন্নু, বিপ্লবী ওয়াকার্স পার্টির জেলা সংগঠক আবু হাসান টিপু প্রমুখ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বর্ধিত বাস ভাড়া প্রত্যাহারসহ বেশ কয়েকটি দাবিতে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের মিছিলে গত বৃধবার (১১ জানুয়ারি) পুলিশ লাঠিপেটা করলে সংঘর্ষ হয়। এতে পাঁচ পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/২১১৯ ঘ.
bdnews24