আবুল হোসেন
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
গাজীপুর, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইজতেমায় আসা মুসল্লিরা শুক্রবার দুপুর থেকে ওজু, গোসল ও খাবারের পানির সমস্যায় পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
তবে সংশ্লিষ্টরা অভিযোগ অস্বীকার করেছেন।
ঢাকার মোহাম্মদপুর থেকে আসা মাওলানা বোরহান উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর থেকেই পানির সংকট দেখা দিয়েছে। ফলে মুসল্লিরা বাধ্য হয়ে আশপাশের নালার ময়লা পানি ব্যবহার করছেন। কেউ কেউ দুপুরের গোসল করেননি।
ঢাকার গেন্ডারিয়ার ডা. মাওলানা আনোয়ার উল্লাহ বলেন, মুসল্লির তুলনায় পানি সরবরাহ হচ্ছে না। তাই বাধ্য হয়ে মুসল্লিরা ময়লা পানি দিয়েই ওজু সারছেন।
সিলেট থেকে আসা ওয়ালিদ মাহমুদ ও ফয়েজ আহমেদ বলেন, ইজতেমা ময়দানের হাউজগুলো দুপুরের পর থেকেই পানিশূন্য হয়ে পড়ে।
সিরাজগঞ্জের মুসল্লি তরিকুল ইসলাম বলেন, পানির অভাবে তারা রান্নার কাজে বেশ অসুবিধায় পড়েছেন।
টঙ্গী পৌরসভার মেয়র আজমত উল্লাহ খান সাংবাদিকদের বলেন, ইজতেমা মাঠে পানি সংকট নেই। তবে পানির স্তর নিচে নেমে যাওয়ায় টঙ্গী সরকারি হাসপাতালে পানি সংকট দেখা দিয়েছে। এ সংকট নিরসনের জন্য সেখানে একটি পানি সরবরাহকারী ট্যাংক লরি মোতায়েন করা হয়েছে।
গাজীপুরের জনস্বসাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মোস্তফা বলেন, ইজতেমা এলাকার ১২টি নলকূপ থেকে প্রতিদিন প্রায় ৭০লাখ গ্যালন পানি সরবরাহ করা হচ্ছে। পুরো ইজতেমা এলাকায় ১১কিলোমিটার সরবরাহ লাইনের মাধ্যমে ওই পানি ওজু-গোসলের হাউজ ও টয়লেটে এবং প্রয়োজনীয় স্থানে বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে।
এছাড়া টঙ্গী পৌরসভা ও ওয়াসা কর্তৃপক্ষও ইজতেমা এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহ করছে, বলেন তিনি।
টঙ্গি সরকারি হাসপাতালের আবাসিক চিকিৎসক ইসমাইল হোসেন সিরাজী বলেন, হাসপাতালের দু’টি গভীর নলকূপই নষ্ট হয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৫৩ ঘ.
bdnews24