ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পল্টনে একটি গহনার দোকান থেকে সাড়ে ১২ শ’ ভরি সোনার অলঙ্কার চুরি হয়েছে, বর্তমান বাজারে যার দাম প্রায় ৭ কোটি ৩০ লাখ টাকা।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে কোনো এক সময় পল্টন সুপার মার্কেটের সানফ্লাওয়ার জুয়েলার্সে এ চুরির ঘটনা ঘটে।
সানফ্লাওয়ার জুয়েলার্সের মালিক সত্যব্রত নাগের ছোট ভাই সঞ্জয়ব্রত নাগ শুক্রবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১০টায় তাদের কর্মচারী শামসুল দোকানের তালা খুলে দেখেন সবকিছু এলোমেলো, বাক্সে কোনো গহনা নেই।
রাতে দোকানে অন্তত সাড়ে ১২ শ’ ভরি সোনার অলঙ্কার ছিল বলে জানান তিনি।
সঞ্জয় বলেন, “চোরেরা প্রথমে পাশের দোকান বাহার কসমেটিক্সের দরজার তালা ভেঙে ভেতরে ঢোকে। তারপর আামদের দোকানে ঢোকে দেয়াল ভেঙে। চুরি শেষে তারা বাহার কসমেটিক্সের দরজায় নতুন তালা লাগিয়ে পালিয়ে যায়।”
বিকাল সাড়ে ৩টার দিকে পুলিশ দরজার তালা ভেঙে বাহার কসমেটিক্সে ঢুকে পেছনের দেয়াল ভাঙা দেখতে পায় এবং একটি মোবাইল ফোন উদ্ধার করে।
পল্টন থানার ওসি শহীদুল হক বলেন, “পরিচিত কেউ এ ঘটনা ঘটিয়েছে বলে আমাদের ধারণা। উদ্ধার করা মোবাইল ফোনটি তদন্তে সহায়ক হতে পারে।”
সঞ্জয় জানান, এর আগে ২০০১ সালে সানফ্লাওয়ার জুয়েলার্সের কলাপসিবল গেট ও শাটার ভেঙে সাড়ে ৪ হাজার ভরি স্বর্ণ চুরি হয়েছিল।
পল্টন সুপার মার্কেট দোকান মালিত সমিতির সভাপতি কাজী মনিরুল হক জানান, মার্কেটের ছয় জন নিরাপত্তা প্রহরীর মধ্যে দুই শিফটে তিন জন করে দায়িত্ব পালন করেন। মার্কেটের তিনটি গেটের মধ্যে একটি রাতে খোলা থাকলেও সেখানে নিরাপত্তারক্ষী থাকে।
এই চুরির ঘটনায় বিষ্ময় প্রকাশ করেন কাজী মনিরুল। তিনি জানান, নিরাপত্তারক্ষীরা সবাই দায়িত্বে আছে, কেউ পালায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এলএইচ/আরআরডি/জেকে/১৭১৭ ঘ.
bdnews24