সিলেট, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. এম আব্দুল খালেক (৫২) মারা গেছেন।
হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার পর শুক্রবার ভোরে মারা যান তিনি।
অধ্যাপক খালেকের ছেলে আব্দুল্লাহ হোসেন খালেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত ৩টার দিকে বুকে ব্যাথা অনুভব করায় বাবাকে মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে ভোর ৬টার পরপরই তিনি মারা যান।”
সকাল ১০টায় সিলেটের আলমপুর এলাকায় সিলেট শিক্ষা বোর্ড সংলগ্ন মাঠে আব্দুল খালেকের প্রথম জানাজা হয়। এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় পাবনার বেড়া উপজেলায় গ্রামের বাড়িতে।
সেখানেই তাকে দাফন করা হবে বলে খালেদ জানান।
আব্দুল খালেক ২০০৬ সাল থেকে সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে তিনি সিলেট সরকারি কলেজ, সুনামগঞ্জ সরকারি কলেজ, গাইবান্ধা সরকারি কলেজ ও বগুড়া সরকারি কলেজে ইংরেজি বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/১৩৩০ ঘ.
bdnews24