২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বনানীতে পুলিশ-সন্ত্রাসী ‘বন্দুকযুদ্ধে’ আহত দুই

রাজধানীর বনানী এলাকায় পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের কথিত ‘বন্দুকযুদ্ধে’ দুই জন গুলিবিদ্ধ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2012, 06:01 AM

Updated : 24 Aug 2022, 10:34 AM

ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বনানী এলাকায় পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের কথিত ‘বন্দুকযুদ্ধে’ দুই জন গুলিবিদ্ধ হয়েছে। গুলশান থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন জানান, বৃহস্পতিবার রাত ২টার দিকে বনানী ৭ নম্বর রোডে এ ঘটনা ঘটে। এ সময় আরো তিনজনকে গ্রেপ্তার করা হয়। আহত সাজ্জাদুর রহমান তুষার (৩৫) ও মো.ইলিয়াসকে (২৫) রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের স্থানান্তর করা হয় পঙ্গু হাসপাতালে। এসআই বিল্লাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাদা রঙের একটি প্রাইভেটকার নিয়ে কয়েকজন সন্ত্রাসী ছিনতাই করার উদ্দেশ্যে বনানী ৭ নম্বর রোডে ঘুরছিল। পুলিশের একটি টহল দল ওই সড়কে ঢুকলে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পল্টা গুলি চালালে তুষার ও ইলিয়াসের পায়ে গুলি লাগে। পুলিশ ওই প্রাইভেটকার থেকে রুবেল, সুমন ও লুক্কু মিয়া নামে আরো তিনজনকে গ্রেপ্তার করেছে বলে জানান তিনি। কথিত এই সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশের দিকে গুলি ছোড়ার অভিযোগ আনা হলেও তাদের কাছে কোনো অস্ত্র পাওয়া গেছে কি না তা জানাতে পারেননি এসআই বিল্লাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১১৫০ ঘ.