ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের আহমেদ হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া হয়েছে, যা ছিল শিক্ষক-শিক্ষার্থীদের অন্যতম দাবি।
রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে মো. আজিম উদ্দিনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই আদেশ জারি হয়েছে শুক্রবার সকালে।”
এক সময়ের ছাত্রলীগকর্মী আজিম বর্তমান উপাচার্য দায়িত্ব নেওয়ার পর নিরাপত্তা কর্মকর্তা হিসেবে নিয়োগ পান। ছাত্র থাকাকালে তার বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ ছিল।
গত ৮ জানুয়ারি সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ে ‘উপাচার্য মদদপুষ্ট’ বলে পরিচিত ছাত্রলীগ কর্মীদের হামলায় গুরুতর আহত হন ইংরেজি বিভাগের ৩৭তম ব্যাচের শিক্ষার্থী জুবায়ের। অতিরিক্ত রক্তক্ষরণে পরদিন ভোরে ঢাকার ইউনাইটেড হাসপাতালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় থেকে তিন শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
এ দিকে ঘটনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে গত সোমবার থেকেই আন্দোলন শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। দোষীদের রাষ্ট্রীয় আইনে বিচার, দায়িত্বে অবহেলার কারণে প্রক্টর ও নিরাপত্তা কর্মকর্তার পদত্যাগসহ ৪ দফা দাবিতে শিক্ষার্থীরা ক্লাশ বর্জন করছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও আন্দোলনে একাত্মতা ঘোষণা করেছেন।
এ নিয়ে বুধ ও বৃহস্পতিবার শিক্ষক সমিতির সভায় উপাচার্যের পক্ষ ও বিপক্ষের শিক্ষকদের মধ্যে বাক বিতণ্ডা ও হাতাহাতি হয়। বৃহস্পতিবার সভা মুলতবির পর প্রক্টর আরজু মিয়ার হাতে লাঞ্ছিত হন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এম এ মামুন।
এর প্রতিবাদে এবং দাবি আদায়ে ১৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের অমর একুশের পাদদেশে গণসমাবেশ করবে শিক্ষক-শিক্ষার্থীরা। প্রক্টরিয়াল বডির অপসারণ না হওয়া পর্যন্ত শিক্ষকরা সব ক্লাস ও পেশাগত নিয়মিত কাজ থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/জেকে/১২৪০ ঘ.
bdnews24