২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি শিক্ষকদের মত প্রক্টরের আচরণ ‘পেশিশক্তির’ প্রদর্শন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতিকে লাঞ্ছিত করার ঘটনাকে প্রশাসনের ‘ক্ষমতার দাপট’ ও ‘পেশিশক্তি’র প্রদর্শন হিসেবে অভিহিত করেছেন শিক্ষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2012, 06:35 PM

Updated : 24 Aug 2022, 10:33 AM

ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতিকে লাঞ্ছিত করার ঘটনাকে প্রশাসনের ‘ক্ষমতার দাপট’ ও ‘পেশিশক্তি’র প্রদর্শন হিসেবে অভিহিত করেছেন শিক্ষকরা। ছাত্রলীগের হামলায় এক শিক্ষার্থী নিহত হওয়ার পর উত্তপ্ত ক্যাম্পাসে বৃহস্পতিবার বৈঠকে বসে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। শিক্ষকদের অভিযোগ, সভার এক পর্যায়ে সমিতির সভাপতি অধ্যাপক এমএ মামুনের দিকে তেড়ে যান প্রক্টর ও রসায়ন বিভাগের অধ্যাপক আরজু মিয়া। এসময় তিনি মামুনের শার্টের কলারও ধরেন বলে অভিযোগ রয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর ও রসায়ন বিভাগের অধ্যাপক এনামউল্ল্যাহ পারভেজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিক্ষক সমিতির সভাপতিকে লাঞ্ছিত করার ঘটনায় সহকর্মী হিসেবে আমি খুবই মর্মাহত। উনি (আরজু) বিবেকবর্জিত একটা কাজ করেছেন।” প্রক্টরের পদত্যাগ চাওয়ার কারণেই এমন ঘটনা ঘটিয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, “পদত্যাগ চাইতেই পারে, সেজন্য কাউকে শারীরিকভাবে লাঞ্ছিত করতে হবে? এটা স্রেফ ক্ষমতার দাপট দেখানো।” দর্শন বিভাগের শিক্ষক রায়হান রাইন বলেন, “ধাক্কাধাক্কির এক পর্যায়ে প্রক্টর এগিয়ে এসে সমিতির সভাপতির কলার ধরে টান দেন এবং তাকে লাঞ্ছিত করেন।” এ ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, “শিক্ষক সমাজের জন্য এটি চরম লজ্জার বিষয়।” শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক শরীফ উদ্দিন বলেন, “বর্তমান প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকে পেশিশক্তি হিসেবে ছাত্রলীগকে ব্যবহার করেছে। এখন ছাত্রলীগের পাশাপাশি প্রশাসনের কর্তাব্যক্তিরা তা প্রদর্শন শুরু করেছে।” এতে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশ নষ্ট হচ্ছে- এমন অভিযোগ করে তিনি বলেন, “একজন ছাত্রকে নির্মমভাবে পিটিয়ে মেরে ফেলা হলো, সে বিষয়ে প্রশাসন যথাযথ পদক্ষেপ না নিয়ে উল্টো ঘটনাটিকে ধামাচাপা দিতে পেশিশক্তি ব্যবহার শুরু করেছে।” তবে উপাচার্যের সমর্থক বলে পরিচিত শিক্ষক ও সমিতির সহ-সভাপতি আবুল খায়ের বলেন, “শিক্ষক সমিতির সভাপতিকে লাঞ্ছিত করা হয়েছে, এ অভিযোগ সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন। বর্তমান প্রশাসনের সময় ক্যম্পাস সেশন জটমুক্ত হয়েছে, এজন্য ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রি মহল ক্যাম্পাস অস্থিতিশীল করার চক্রান্ত করছে।” বৃহস্পতিবারের ঘটনার আরেক প্রত্যক্ষদর্শী বর্তমান প্রশাসনের সমর্থক বলে পরিচিত প্রতœতত্ত্ব বিভাগের প্রভাষক মিজানুর রহমান বলেন, “সমিতির সভাপতিকে লাঞ্ছিত করার ঘটনা ঘটেনি।” প্রক্টর আরজু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার সুনাম ক্ষুণœ করতেই একদল শিক্ষক সাংবাদিকদের কাছে মিথ্যা ও ভিত্তিহীন খবর প্রচার করেছে।” বিভিন্ন অনলাইন সংবাদপত্র ও ইলেকট্রনিক মাধ্যমে যে খবর প্রচার হযেছে তা সত্য নয় দাবি করে প্রক্টর বলেন, “আমার বিরুদ্ধে তারা (সাংবাদিকরা) লিখলে আমার কী করার আছে।” সমিতির সভাপতি অধ্যাপক এমএ মামুন বলেন, “ঘটনাটিতে আমি খুবই মর্মাহত। একজন সহকর্মীর কাছ থেকে এ ধরনের ব্যবহার আশা করিনি।” ২০০৯ সালের মাঝামাঝি সময়ে প্রক্টর হিসেবে নিয়োগ পান আরজু মিয়া। প্রক্টরের পাশাপাশি নবনির্মিত রফিক-জব্বার হলের প্রভোস্ট, সিণ্ডিকেট ও সিনেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১১ সালের ২ ফেব্র“য়ারি ‘উপাচার্য মদদপুষ্ট’ বলে পরিচিত ছাত্রলীগের নেতা এসএম শামীম এবং শেখ মো. শরীফকে প্রক্টর আরজু মিয়ার পৃষ্ঠপোষকতায় এবং পুলিশ প্রশাসনের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে তুলে দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এএইচএ/পিডি/০০৩০ ঘ.