২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিত্তরঞ্জন কটন মিলে তাঁতপল্লী হবে: লতিফ সিদ্দিকী

গত ১৪ বছর যাবত বন্ধ চিত্তরঞ্জন কটন মিলে আগামী এক বছরের মধ্যে তাঁতপল্লী গড়ে তোলা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2012, 12:01 PM

Updated : 24 Aug 2022, 10:35 AM

নারায়ণগঞ্জ, জানুয়ারী ১৫(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত ১৪ বছর যাবত বন্ধ চিত্তরঞ্জন কটন মিলে আগামী এক বছরের মধ্যে তাঁতপল্লী গড়ে তোলা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। রোববার দুপুরে নারায়ণগঞ্জ সদরের সিদ্ধিরগঞ্জের গোদনাইলে বন্ধ চিত্তরঞ্জন কটন মিল পরিদর্শনকালে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, সরকারের সঙ্গে শর্ত সাপেক্ষে সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে ইপিজেডের মতো করে এই পল্লী গড়ে তোলা হবে। প্রস্তাবিত এই পল্লীতে ২০/২৫টি তাঁত কারখানা থাকবে। লতিফ সিদ্দিকী বলেন, কোনো আবাসন ব্যবস্থাপনার কাজে এই জায়গা বরাদ্দ দেওয়া হবে না। যাদের সঙ্গে তাঁতপল্লী গড়ে তোলার ব্যাপারে চুক্তি হবে তারা ভবিষ্যতে এই জমি বিক্রি করতে পারবে না। ইতোমধ্যে জুট পাল্প শিল্পে অভিজ্ঞতা রয়েছে এমন একটি চীনা প্রতিষ্ঠানের সঙ্গে কথা হচ্ছে বলে মন্ত্রী জানান। মন্ত্রী আরো বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর শ্রমিকদের দুঃখ-দুর্দশার কথা ভেবে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকদের আবেদনে সাড়া দিয়ে লক্ষ্মী নারায়ণ কটন মিল তাদের (শ্রমিকদের) মালিকানায় চালাতে দেন। “কিন্তু তারাও মিলটি চালাতে পারেনি। আমরা চিত্তরঞ্জন কটন মিলকে ওইভাবে তাদের মালিকানায় দিচ্ছি না,” বলেন তিনি। পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আশরাফুল মুকবুল, বিটিএমসির চেয়ারম্যান মোহাম্মদ-উল-আলম, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য নাসিম ওসমানসহ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৫০ ঘ.