২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলেজ শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের মামলা

চট্টগ্রামে এক কলেজ শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আমলে নিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2012, 04:12 PM

Updated : 24 Aug 2022, 10:33 AM

চট্টগ্রাম, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে এক কলেজ শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আমলে নিয়েছে আদালত। চট্টগ্রাম সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক সাইফুর রহমানের (৩৬) বিরুদ্ধে বৃহস্পতিবার এ অভিযোগ আমলে নেন চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-১ এর বিচারক মো. রেজাউল করিম। তবে এদিন কোনো আদেশ দেননি তিনি। বাদীর আইনজীবী মইন উদ্দিন আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তিনি বলেন, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বারদোনা গ্রামের মোবারক হোসেনের ছেলে সাইফুরের সঙ্গে মামলার বাদীর আত্মীয়তার সম্পর্ক রয়েছে। বাদীর বাড়ি চকরিয়া উপজেলায়। তিনি সাইফুরের বড় ভাবীর বোনের মেয়ে। আইনজীবী মইন উদ্দিন জানান, বাদী গত ৩ মে আদালতে অভিযোগ করলে পুলিশকে তা তদন্তের নির্দেশ দেওয়া হয়। পুলিশ এ ঘটনায় চূড়ান্ত প্রতিবেদন দিলে বাদী নারাজি দেন। বৃহস্পতিবার ওই নারাজির ওপর শুনানি শেষে আদালত অভিযোগটি আমলে নেয়। মামলায় আসামি সাইফুরের বন্ধু শওকত ওসমান মানিক ও তার স্ত্রী তাহমিনা আক্তার রুমির বিরুদ্ধে ধর্ষণে সহায়তার অভিযোগ আনা হয় বলে জানান তিনি। মইন উদ্দিন বলেন, নিকট আত্মীয় হওয়ার সুবাদে ২০০০ সাল থেকে বাদীকে বিয়ের প্রস্তাব দেন কলেজ শিক্ষক সাইফুর। তখন বাদী সরকারি হাজী মোহাম্মদ মুহসীন কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণীর প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। “২০০৪ সালে প্রভাষক পদে নিয়োগ পান সাইফুর। ওই বছর নগরীর কে বি আমান আলী সড়কে বন্ধু শওকত ওসমান মানিকের বাসায় বাদীকে ধর্ষণ করেন তিনি,” অভিযোগ করা হয় মামলায়। বাদীর আরো অভিযোগ, ধর্ষণের পর বিয়ের আশ্বাস দিয়ে বাদীকে তার সঙ্গে স্বামী-স্ত্রীর মতো জীবন যাপনে বাধ্য করেন সাইফুর। একাধিকবার ধর্ষণ ও গর্ভপাত ঘটালেও বাদীকে সাইফুর বিয়ে করেননি। ২০০৯ সালের মে মাসে বাদীকে বিয়ে করতে অস্বীকৃতি জানান সাইফুর। ২০১০ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ পাশ করেছেন মামলার বাদী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এএইচ/২২০৫ ঘ.