২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যৌতুক মামলায় পুলিশ কর্মকর্তার জামিন

স্ত্রীর করা যৌতুকের মামলায় জামিন পেয়েছেন চট্টগ্রাম বন্দর থানার শিল্প পুলিশের সহকারী সুপার (এএসপি) নুতান চাকমা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2012, 03:53 PM

Updated : 24 Aug 2022, 10:33 AM

ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্ত্রীর করা যৌতুকের মামলায় জামিন পেয়েছেন চট্টগ্রাম বন্দর থানার শিল্প পুলিশের সহকারী সুপার (এএসপি) নুতান চাকমা। বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে মহানগর হাকিম এজিএম আল মাসুদ তাকে ১০ হাজার টাকার মুচলেকায় জামিন মঞ্জুর করেন। মামলার অন্য দুই আসামি নুতানের বাবা কর্ণজয় চাকমা ও মা অমরা দেবীও আত্মসমর্পণ করে জামিন পান। জামিন আবেদনের শুনানি করেন অ্যাডভোকেট আমিনুল গনি টিটো। নুতানের স্ত্রী তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের খণ্ডকালীন শিক্ষক তিলোত্তমা দেওয়ান গত ১৮ অক্টোবর এ মামলা করেন। অভিযোগে বলা হয়, তিলোত্তমা দেওয়ানের বাবা তরুন তপন দেওয়ান সড়ক ও জনপদ বিভাগের প্রধান প্রকৌশলী ছিলেন। বর্তমানে তিনি এশীয় উন্নয়ন ব্যাংকের পরামর্শক হিসাবে দায়িত্ব পালন করছেন। আর তার দাদা শান্তিময় দেওয়ান রাঙামাটি উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান। চাচা মনি স্বপন দেওয়ান বিএনপি সরকার আমলের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। ২০১০ সালের ৩ ফেব্র“য়ারি তাদের বিয়ে হয় উল্লেখ করে মামলার অভিযোগে বলা হয়, “বিয়ের কয়েকদিন পর থেকে নুতান ও তার বাবা-মা একটি গাড়ি, একটি ফ্ল্যাট, রাঙামাটির রাজবাড়ি সড়কে আমাদের চারতলা বাড়ির একটি অংশ নুতানের নামে লিখে দিতে বলেন।” স্বামীর নতুন চাকরি, অভাব অনটনের কথা চিন্তা করে বাবা-মার কাছ থেকে হাত খরচসহ সংসারের খরচ নিতেন বলে উল্লেখ করে বাদী তিলোত্তমা দেওয়ান বলেন, “গত বছরের ৯ এপ্রিল আমি রাঙামাটির বন বিহারে শ্বশুড়বাড়িতে গেলে নুতানের বাবা-মা গালিগালাজ করেন এবং আমাকে বাবার বাড়ি পাঠিয়ে দেন।” পরে বিভিন্ন সময় বাধ্য হয়ে স্বর্ণালঙ্কার, আসবাবপত্র, ল্যাপটপসহ ১০ লাখ টাকার বেশি উপঢৌকন দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। বিডিনিউজ টোয়েনিটফোর ডটকম/পিবি/এএইচ/পিডি/২১৪৪ ঘ.