২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিতে সংষর্ষের ঘটনায় তিন মামলা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ-ছাত্রশিবিরের সংষর্ষের ঘটনায় তিনটি মামলা হয়েছে। অন্যদিকে, অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছে ছাত্রশিবির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2012, 10:40 AM

Updated : 24 Aug 2022, 10:33 AM

সিলেট, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ-ছাত্রশিবিরের সংষর্ষের ঘটনায় তিনটি মামলা হয়েছে। অন্যদিকে, অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছে ছাত্রশিবির। বৃহস্পতিবার দুপুরে পুলিশ সদস্যদের মারধরের অভিযোগে একটি এবং ছাত্রলীগ নেতারা আরো দুটি মামলা করেছেন বলে জানান জালালাবাদ থানার ওসি সেলিম আহমদ। বুধবার যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াতের সাবেক আমীর গোলাম আযমকে কারাগারে পাঠানোর খবরে বিকালে ছাত্রলীগের আনন্দ মিছিল করার জের ধরে শিবিরের সঙ্গে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন। ওসি সেলিম আহমদ বলেন, “পুলিশকে মারধর করার অভিযোগে জালালাবাদ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল লতিফ একটি মামলা করেছেন। অপর দুটি মামলা করেছে ছাত্রলীগ। এর মধ্যে একটির বাদী ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি নাঈম হাসান।” মামলায় ছাত্রশিবির বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আ জ ম মুজাহিদ রুমীসহ ২১ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ১৫০ জনকে আসামি করা হয়েছে। এদিকে, সংঘর্ষের পর রাতে উপাচার্যের সঙ্গে প্রক্টরিয়াল বডির বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত না হলেও প্রশাসনিক কাজকর্ম স্বাভাবিক ছিলো বলে জানান প্রক্টর হিমাদ্রী শেখর রায়। শিবিরের ধর্মঘট প্রত্যাহার সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলা, ভাঙচুরের ঘটনার সুষ্ঠু বিচার দাবিতে ডাকা অনির্দিষ্টকালে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। ছাত্রশিবির সভাপতি আ জ ম মুজাহিদ রুমী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনিবার্য কারণে আমরা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৬৩৪ ঘ.