২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পর্যটকদের জন্য ‘অনঅ্যারাইভাল’ ভিসা চালুর দাবি

পর্যটন খাতের একটি সমন্বিত আইন প্রণয়ন, সুন্দরবনসহ বিভিন্ন পর্যটন স্থানে নিরাপত্তার ব্যবস্থা এবং বিশ্বের সব দেশের পর্যটকদের জন্য অবতরণ পরবর্তী (অন-অ্যারাইভাল) ভিসা চালুর দাবি জানিয়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সংগঠনগুলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2012, 10:39 AM

Updated : 24 Aug 2022, 10:33 AM

ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পর্যটন খাতের একটি সমন্বিত আইন প্রণয়ন, সুন্দরবনসহ বিভিন্ন পর্যটন স্থানে নিরাপত্তার ব্যবস্থা এবং বিশ্বের সব দেশের পর্যটকদের জন্য অবতরণ পরবর্তী (অন-অ্যারাইভাল) ভিসা চালুর দাবি জানিয়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সংগঠনগুলো। সংগঠনগুলোর প্রতিনিধিরা বৃহস্পতিবার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ফারুক খানের সঙ্গে দেখা করে এসব দাবি তুলে ধরেন। এ সময় সমান সংখ্যক সরকারি কর্মকর্তা ও বেসরকারি খাতের উদ্যোক্তা প্রতিনিধি নিয়ে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড গঠনের দাবিও জানান ব্যবসায়ীরা। অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্সিজ (আটাব), ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) ও অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল হোটেলসহ কয়েকটি সংগঠনের প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন। বৈঠকে ফারুক খান বলেন, বাংলাদেশ এবং দেশের গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থানগুলো দেখানোর জন্য পর্যটকদের আনুন। কিন্তু এ সুযোগে কোনোভাবেই যেন জঙ্গিবাদ বা অন্য কোনো অসৎ উদ্দেশ্যে কাউকে আনা না হয়। এ ধরনের অভিযোগ পাওয়া গেলে সরকার কঠোরভাবে দমন করবে। পর্যটন খাতের সকল আইন সমন্বয় করে একটি সমন্বিত আইন প্রণয়নে ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে মন্ত্রী বলেন, এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে ভবিষ্যতে ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রী পর্যটন খাতের সব আইন ওয়েবসাইটে প্রকাশ এবং পর্যটন সংক্রান্ত একটি তথ্য ভাণ্ডার গড়ে তোলার জন্য পর্যটন বোর্ডকে নির্দেশ দেন। ট্যুরিজম বোর্ডে সরকারি ও বেসরকারি খাতের সমান প্রতিনিধি দিয়ে বোর্ডকে শক্তিশালী করা, পর্যটন খাতকে বিশ্ব দরবারে তুলে ধরতে ব্র্যান্ডিং করা এবং বিমানবন্দরের সহায়তা ডেস্কে পর্যটন সম্পর্কে বিস্তারিত তথ্য রাখতে ব্যবসায়ীদের দাবির বিষয়েও পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি। বাংলাদেশ ট্য্যুরিজম বোর্ডে বর্তমানে ১৭ জন সদস্য রয়েছেন। এরমধ্যে সরকারি কর্মকর্তা প্রতিনিধি ১২ জন এবং বেসরকারি উদ্যোক্তা ও পর্যটন ব্যবসায়ীদের প্রতিনিধি পাঁচজন। বৈঠকে পর্যটন সচিব আতাহারুল ইসলাম, পর্যটন করপোরেশনের চেয়ারম্যান হেমায়েত উদ্দিন তালুকদার, টোয়াব সভাপতি হাসান মনসুর, আটাব মহাসচিব শেখ আব্দুল্লাহ এবং ট্যুর ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন সভাপতি জামিলুর রহমান উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৬৩১ ঘ.