২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষিত কিশোরীকে ৩ সন্তানের মা লেখায় তলব চিকিৎসককে

ডাক্তারি পরীক্ষার প্রতিবেদনে ধর্ষিতা কিশোরীকে তিন সন্তানের জননী ও ২৫ বছর বয়সী নারী হিসাবে উল্লেখ করায় এক চিকিৎসক ও পুলিশ কর্মকর্তাকে তলব করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2012, 10:18 AM

Updated : 24 Aug 2022, 10:33 AM

ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডাক্তারি পরীক্ষার প্রতিবেদনে ধর্ষিতা কিশোরীকে তিন সন্তানের জননী ও ২৫ বছর বয়সী নারী হিসাবে উল্লেখ করায় এক চিকিৎসক ও পুলিশ কর্মকর্তাকে তলব করেছে হাইকোর্ট। বৃহস্পতিবার ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যরিস্টার এবিএম আলতাফ হোসেন একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন নজরে আনলে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এ আদেশ দেয়। এ নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রতিবেদন প্রকাশের পরদিন তা বিভিন্ন সংবাদপত্রেও ছাপা হয়। তলবকৃতরা হলেন, বরিশালের শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের (শেবাচিম) ফরেনসিক বিভাগের চিকিৎসক আক্তারুজ্জামান তালুকদার এবং উজিরপুর থানার উপ-পরিদর্শক লুৎফর রহমান। আগামী ১৯ জানুয়ারি তাদের হাজির হতে হবে। ‘শেবাচিমে ফরেনসিক রিপোর্ট: উজিরপুরের ধর্ষিত কিশোরী ৩ সন্তানের জননী!’ শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়, উজিরপুর উপজেলায় গত ১৯ নভেম্বর জেসিডি পরীক্ষা চলাকালে এক কিশোরী ধর্ষণের শিকার হয়। ধর্ষণকারীরা ধর্ষণের ভিডিওচিত্র ধারণ করে ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেয়। পরে ওই কিশোরীর ভাই বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। পুলিশ ধর্ষণের ঘটনা পরীক্ষার জন্য ওই ছাত্রীকে বরিশাল শেবাচিম হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠায়। ওই বিভাগের চিকিৎসক ডা. আক্তারুজ্জামান তালুকদার প্রতিবেদন দেন। তাতে উল্লেখ করা হয়, ধর্ষিতা তিন সন্তানের জননী, তার বয়স ২৫ বছর। জন্ম নিবন্ধন অনুযায়ী ওই কিশোরীর বয়স ১৩ বছর এক মাস বলে জানিয়েছেন বাদি। পাশাপাশি তিনি অভিযোগ করেন, টাকার বিনিময়ে চিকিৎসকদের দিয়ে আসামিপক্ষ এমন ঘটনা ঘটিয়েছে। ‘ধর্ষক’ রাব্বি উচ্চ আদালত থেকে জামিনে এসে মামলা তুলে নেওয়ার জন্য চাপ প্রয়োগ করছে। এ ঘটনায় চিকিৎসকের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না- আদালতে হাজির হয়ে আক্তারুজ্জামানকে তা জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। লুৎফরকে জানাতে হবে- আসামিদের জামিন বাতিলে কেন নির্দেশ দেওয়া হবে না। উপ-পরিদর্শক লুৎফর রহমান মামলাটি তদন্ত করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/১৬০২ ঘ.