২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারকে ১০ কোটি টাকা লভ্যাংশ দিয়েছে ইডকল

অবকাঠামো উন্নয়নের রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) সরকারের কোষাগারে ১০ কোটি টাকা জমা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2012, 06:44 PM

Updated : 24 Aug 2022, 10:33 AM

ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবকাঠামো উন্নয়নের রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) সরকারের কোষাগারে ১০ কোটি টাকা জমা দিয়েছে। গত অর্থবছরের লভ্যাংশ হিসেবে এই অর্থ দেওয়া হয়েছে ইডকলের কর্মকর্তারা জানিয়েছেন। বুধবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে ইডকলের কর্মকর্তারা অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের কাছে ১০ কোটি টাকার চেক হস্তান্তর করেন। এ সময় অর্থসচিব মোহাম্মদ তারেক, প্রধানমন্ত্রীর একান্ত সচিব নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। ইডকলের কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে অর্থমন্ত্রী বলেন, “বিষয়টি আনন্দের। আজ একটি খুবই ভালো দিন।” এ সময় ইডকলের কার্যক্রমের প্রশংসা করে মন্ত্রী বলেন, “বর্তমানে বিকল্প জ্বালানির ক্ষেত্রে নতুন নতুন অনেক প্রযুক্তি আসছে। আমরা আশা করছি ইডকল জ্বালানি ক্ষেত্রে যে সব উদ্যোগ নিচ্ছে সেগুলো জ্বালানি সংকট থেকে দেশের উত্তরণে বিশেষ ভূমিকা রাখবে।” ইডকলের চেয়ারম্যান ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ইকবাল মাহমুদ বলেন, ইডকল সারা দেশে ১২ হাজার হোম সোলার সিস্টেম স্থাপন করেছে। যেখানে বিদ্যুৎ নেই সেখানে আমরা সোলার সিস্টেম পৌঁছে দিচ্ছি। এছাড়া সোলার সিস্টেম স্থাপনে অর্থ সহায়তাও দেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি জানান, ইডকলের উদ্যোগে সারাদেশে এ পর্যন্ত ১০ হাজার বায়োগ্যাস প্লান্ট স্থাপন করা হয়েছে। তিনি বলেন, “আমরা বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে অর্থায়ন করেছি। আগামীতে আরো বিদ্যুৎকেন্দ্র স্থাপনসহ অন্যান্য সেবা খাতে সহায়তা করা হবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএইচ/০০১৯ ঘ.