সিলেট, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও শিবিরের সংষর্ষের পর একদিন ক্লাস-পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
ঘটনার প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে শিবির।
উপাচার্যের সঙ্গে প্রক্টরিয়াল বডির বৈঠকের পর বুধবার রাত সাড়ে ১০টায় প্রক্টর হিমাদ্রী শেখর রায় বলেন, প্রক্টরিয়াল বডির বৈঠকে বৃহস্পতিবার ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে প্রশাসনিক কাজকর্ম চলবে।
গোলাম আযমের গ্রেপ্তারের খবরে বিকালে ছাত্রলীগ আনন্দ মিছিল করলে শিবিরের সঙ্গে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন। এরমধ্যে গুরুতর তিন ছাত্রলীগকর্মীকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া রাত ৮টার দিকে দ্বিতীয় দফায় ক্যাম্পাসে শিবিরের হামলায় মহানগর ছাত্রলীগের আরো তিন নেতা আহত হয়েছন। তাদেরও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সভাপতি আজম মুজাহিদ রুমী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশ্ববিদ্যলয় প্রশাসন ছাত্রলীগের হামলা, ভাংচুর ও লুটপাটের বিচার না করা পর্যন্ত ক্যাস্পাসে অনির্দিষ্টকালের ধর্মঘট চলবে।
মহানগর ছাত্রলীগে সভাপতি মো. রাহাত তরফদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৮টার দিকে একটি মোটরসাইকেলে করে মহানগর ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক রুহেল তরফদার, উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক ইমদাদুল হক জায়েদ এবং মহনগর সদস্য ফরিদ মিয়া ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করলে শিবির সমর্থকরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।
আহত এই তিন নেতাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছ, বলেন তিনি।
বুধবার সকালে একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে জামিন আবেদন খারিজ করে জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম আযমকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
প্রত্যক্ষদর্শী কয়েকজন শিক্ষার্থী জানান, বিকাল সাড়ে ৪টার দিকে ফুড কর্নার থেকে ছাত্রলীগ একটি আনন্দ মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে শাহপরাণ হলে গেলে এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় কমপক্ষে ২০জন আহত হন।
এ সময় ধাওয়া পাল্টা ধাওয়ায় পুরো ক্যাম্পাসে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। সংঘর্ষে সময় বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়।
গুরুতর আহত তিন ছাত্রলীগকর্মী ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এরা হলেন- ফরেস্ট্রি তৃতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের মো. মোস্তফা এবং সুপ্রাজিত ও সত্যজিৎ।
সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ের সবগুলো হলের ভেতর থেকে কে বা কারা তালা লাগিয়ে দেয়। রাত ৮টার দিকে প্রক্টরের নেতৃত্বে তালা ভেঙে পুলিশ ঢোকে।
এর আগে ছাত্রদের দু’টি হলের জানালার কাচসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে ছাত্রলীগ। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা ক্যাম্পাসে মিছিল করে।
জালালাবাদ থানার ওসি সেলিম আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিন রাউন্ড টিয়ার গ্যাস সেল নিক্ষেপ করা হয়। আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/ডিডি/২৩৩১ ঘ.
bdnews24