ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ দূষণের অভিযোগে নরসিংদীর বেলাবো উপজেলায় ১০টি ইটভাটা বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
এছাড়া ইটভাটাগুলোর কাছ থেকে ৩২ লাখ টাকা জরিমানাও আদায় করা হয়।
বুধবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী এ অভিযান চালান বলে অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কৃষিজমি নষ্ট করে নিষিদ্ধ ঘোষিত ড্রাম চিমনি ব্যবহার করে পরিবেশ বিপর্যয় ঘটানোর অপরাধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এছাড়া, চলতি মাসের ১৮ তারিখের মধ্যে ইটভাটাগুলোর সমস্ত স্থাপনা অপসারণ করে নিরেট কৃষি জমিতে রূপান্তরের জন্য মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে।
ইটভাটাগুলো হল- মেসার্স মদিনা ব্রিকস, আরএসবি ব্রিক ফিল্ড, এফজেবি ব্রিকস, মেসার্স বিবিবি ব্রিক ফিল্ড, মেসার্স পায়েল এন্ড শান্ত ব্রিকস ফিল্ড, মেসার্স এনকেবি ব্রিকস, মেসার্স এসএমবি ব্রিকস, মেসার্স জননী ব্রিক ফিল্ড, মেসার্স উদয়ন ব্রিকস ফিল্ড এবং মেসার্স আরএসবি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২১১৪ ঘ.
bdnews24