বাগেরহাট, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর)- মিথ্যা ঘোষণা দিয়ে বিদেশি মদ আনার অভিযোগে করা চোরাচালান মামলায় মংলা শুল্ক ভবনের সাবেক কমিশনার নুরুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
বুধবার বাগেরহাটের জ্যেষ্ঠ বিচারিক হাকিম (মংলা) রাফিয়া ইসলামের আদালতে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ইমান উদ্দিন এই অভিযোগপত্র উপস্থাপন করেন।
আগামী ১ ফেব্র“য়ারি অভিযোগের ওপর শুনানির দিন ধার্য করা হয়েছে।
আদালতের জেনারেল রেকর্ড অফিসার (জিআরও) এবং পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোসাম্মৎ মরিয়ম বেগম এ খবর নিশ্চিত করেন।
অপর অভিযুক্তরা হলেন- মিডিয়া এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মো. হুমায়ুন কবির, মহাব্যবস্থাপক মো. আবুল কালাম আজাদ ওরফে আজাদ মাহতাব, সিএন্ডএফ এজেন্ট মেসার্স প্রফেসী শিপিং লাইনস্ এর স্বত্ত্বাধিকারী জুলফিকার মালেক মনি ও ব্যবস্থাপক মো. আব্দুর রাজ্জাক।
এদের মধ্যে আবুল কালাম আজাদ পলাতক এবং অন্যরা জামিনে রয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা মো. ইমান উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০৯ সালের ২২ ডিসেম্বর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেলের কায়িক পরীক্ষা দল মংলা বন্দরের জেটিতে রাখা দুটি কন্টেইনার তল্লাশি করে সাড়ে চার কোটি টাকা মূল্যের বিদেশি মদসহ কিছু প্রসাধন সামগ্রী ও জায়নামাজ উদ্ধার করে।
প্রসাধন সামগ্রী আমদানির মিথ্যা ঘোষণা দিয়ে এসব মদ আনা হয়েছিল বলে তিনি জানান।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, এদের বিরুদ্ধে মদ চোরাচালানের এই ঘটনায় দুর্নীতি প্রতিরোধ আইন ও মানি লন্ডারিং আইনে খুলনার খালিশপুর ও বাগেরহাটের মংলা থানায় আরো দু’টি মামলা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২০২৪ ঘ.
bdnews24