২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সৎ পিতার হাতে’ শিশু খুন

নীলফামারী সদর উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে তার সৎ পিতা হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় ওই শিশুর বাবাকে প্রচণ্ড মারধরও করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2012, 01:26 PM

Updated : 24 Aug 2022, 10:33 AM

নীলফামারী, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারী সদর উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে তার সৎ পিতা হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় ওই শিশুর বাবাকে প্রচণ্ড মারধরও করা হয়। বুধবার ভোর রাতে সংগলসী ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে এ হামলায় নিহত শিশু মিলন (৫) ওই গ্রামের রিকশাচালক মমিনুর রহমানের (৩০) ছেলে। মমিনুর রহমানকে নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। নীলফামারী সদর থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম (এসআই) হাসপাতালে চিকিৎসাধীন মমিনুরের বরাত দিয়ে জানান, মমিনুর জীবিকার কারণে প্রায় সময়ই ঢাকায় থাকেন। এ সুযোগে তার স্ত্রী ফরিদা বেগমের (২৪) সঙ্গে এলাকার খোকা মিয়ার ছেলে রেজাউল হকের (২৩) সম্পর্ক গড়ে ওঠে। গত ৮ ডিসেম্বর ফরিদা মমিনুরকে তালাক দিয়ে রেজাউলকে বিয়ে করে। মমিনুর পুলিশের কাছে দাবি করেন, বুধবার ভোররাত ৩টার দিকে রেজাউল, তার বাবা খোকা মিয়া, মা ফতেমা বেগমসহ আরো অজ্ঞাত দু’জন তাদের ঘরে ঢুকে মমিনুর ও মিলনকে মুখ চেপে ধরে তুলে নিয়ে যায়। বাড়ির অদূরে একটি নির্জন স্থানে শ্বাসরোধে মিলনকে হত্যা করে এবং মমিনুরকে একটি পুকুরের পাড়ে নিয়ে মারধর করে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে যায়। সকালে এলাকাবাসী লাশ দেখে পুলিশে খবর দেয় এবং মমিনুরকে হাসপাতালে পাঠায়। এসআই জানান, মিলনের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। রেজাউলের বাবা খোকা মিয়াকে আটক করা হয়েছে। নীলফামারী পুলিশ সুপার (এসপি) আলমগীর রহমান বলেন, কেন ও কী কারণে শিশুটিকে হত্যা করা হয়েছে তদন্ত না করে কিছু বলা সম্ভব নয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯১৬ ঘ.