ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দু’দিনের সরকারি সফরে বুধবার বিকেলে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভারতের কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী কপিল সিবাল, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার ও শিল্পমন্ত্রী জিতেন্দ্র চৌধুরী শেখ হাসিনাকে বিমানবন্দরে স্বাগত জানান।
প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ভারতীয় সময় বেলা ৩টা ১০ মিনিটে সিঙ্গেরবিল বিমানবন্দরে পৌঁছায়।
আনুষ্ঠানিক অভ্যর্থনা শেষে শেখ হাসিনাকে শহরতলীর কুঞ্জবন অতিথি ভবনে নিয়ে যাওয়া হয়।
প্রধানমন্ত্রী বৃহস্পতিবার ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটির নবম সমাবর্তনে যোগ দেবেন। সেখানে তাকে সম্মানসূচক ডি লিট (ডক্টর অব লিটারেচার) সম্মাননা দেওয়া হবে।
১৯৮৭ সালে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর শেখ হাসিনাই হতে যাচ্ছেন প্রথম বিদেশি রাষ্ট্রনেতা যাকে এ সম্মাননা দেওয়া হচ্ছে।
রাষ্ট্র পরিচালনা, দূরদর্শী নেতৃত্ব এবং শান্তি ও গণতন্ত্রের প্রতি দায়বদ্ধতার স্বীকৃতি হিসেবে শেখ হাসিনাকে ডি লিট দেওয়া হচ্ছে। ভারতের উপ-রাষ্ট্রপতি এম হামিদ আনসারি এ সম্মাননা তুলে দেবেন প্রধানমন্ত্রীর হাতে।
সফরে প্রধানমন্ত্রী আগরতলায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী, ঊর্ধ্বতন ভারতীয় কর্মকর্তা ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবেন।
বাংলাদেশের সঙ্গে ৮৫৬ কিলোমিটার বিস্তৃত সীমান্তের ভারতীয় রাজ্য ত্রিপুরা শেখ হাসিনার এটিই প্রথম সফর।
ত্রিপুরার রাজধানী আগরতলার নামেই ১৯৬৮ সালে শেখ মুজিবের বিরুদ্ধে ‘আগরতলা সড়যন্ত্র মামলা’ দায়ের করে পাকিস্তানি শাষকগোষ্ঠী।
মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনীর অন্যতম সামরিক ঘাঁটি হিসেবেই শুধু নয়, ওই সময় প্রায় ১৬ লাখ বাংলাদেশী শরণার্থীকে আশ্রয় দেয় রাজ্যটি। ত্রিপুরা রাজ্যের ১১টি ফ্রন্টে যুদ্ধ হয়েছিল সে সময়।
২০১০ সালে এক সফরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দিপু মনি রাজ্যটির দক্ষিণাঞ্চলীয় চোট্টাখোলায় স্বাধীনতা আন্দোলন স্মৃতি পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ওই পার্কে বঙ্গবন্ধুর একটি মূর্তি স্থাপন করা হবে।
গতবছরের সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরে তার সঙ্গে এসেছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মাণিক সরকারও। সে সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ত্রিপুরা সফরের আমন্ত্রণ জানান।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন- পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি, জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ এমপি এবং ট্রাইবাল রিফিউজি বিষয়ক টার্স্কফোর্সের চেয়ারম্যান জীতেন্দ্র লাল ত্রিপুরা এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. ওয়াহিদ উজ জামান ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানাও প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/১৮৫০ ঘ.
bdnews24