২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতু দু’এক সপ্তাহের মধ্যে সুখবর: গোল্ডস্টেইন

পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন নিয়ে দু-এক সপ্তাহের মধ্যে ভালো খবর পাওয়া যেতে পারে বলে মন্তব্য করেছেন বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি এলেন গোল্ডস্টেইন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2012, 08:38 AM

Updated : 24 Aug 2022, 10:33 AM

ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন নিয়ে দু-এক সপ্তাহের মধ্যে ভালো খবর পাওয়া যেতে পারে বলে মন্তব্য করেছেন বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি এলেন গোল্ডস্টেইন। বুধবার দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সঙ্গে বৈঠকের পর বিশ্ব ব্যাংকের এই কর্মকর্তা সাংবাদিকদের বলেন, “আমরা এখনো আলোচনা চালিয়ে যাচ্ছি। আশা করছি, দুই এক সপ্তাহের মধ্যে ভালো কিছু পাওয়া যাবে।” এ সময় অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান, তিনি বিকেলে এ বিষয়ে বিস্তারিত বলবেন। পদ্মা সেতুতে অর্থায়ন নিয়ে ওয়াশিংটনে বিশ্ব ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে মঙ্গলবার দুপুরে ঢাকায় ফেরেন গোল্ডস্টেইন। বুধবার তিনি অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করে এ ব্যাপারে বিশ্বব্যাংক সদরদপ্তরের সর্বশেষ অবস্থান ব্যাখ্যা করেন। এর আগে গত ৪ জানুয়ারি এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আবাসিক প্রতিনিধি থেভাকুমার কান্দিয়াহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, গোল্ডস্টেইন ওয়াশিংটনে বিশ্ব ব্যাংকের সদর দপ্তরে পদ্মা সেতু নিয়ে আলোচনা করছেন। তিনি ফিরলে এ প্রকল্পের অন্য ঋণদাতাদের সঙ্গে বসে একটি সিদ্ধান্ত হবে। ২৯০ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংক ১২০ কোটি ডলার দেওয়ার জন্য সরকারের সঙ্গে চুক্তি করলেও পরে দুর্নীতির অভিযোগ তুলে অর্থায়ন স্থগিত করে। সরকার এ প্রকল্পে কোনো দুর্নীতি হয়নি বলে দাবি করলেও যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে অন্য মন্ত্রণালয়ে সরিয়ে দেওয়া হয়। ওই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় ওবায়দুল কাদেরকে। এরপর পদ্মা সেতু প্রকল্পের অর্থায়ন নিয়ে ঋণদাতা সংস্থাগুলোর মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়। অবশ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রয়োজনে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে এ সেতু নির্মাণ করা হবে। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের পাশাপাশি এডিবি ৬১ কোটি, জাইকা ৪০ কোটি এবং ইসলামী উন্নয়ন ব্যাংক ১৪ কোটি ডলার ঋণ দিচ্ছে। বাকি অর্থের যোগান দেবে সরকার। বর্তমান সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসর পর পদ্মা সেতু নির্মাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে। এরই মধ্যে মূল সেতু, নদীশাসন ও সংযোগ সড়কের নকশা চূড়ান্ত করা হয়েছে। সরকারের দাবি, এ সেতু নির্মাণ হলে জিডিপি ১ দশমিক ২ শতাংশ বাড়বে। দরিদ্র্য কমবে দশমিক ৮৪ শতাংশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/১৪৩৩ ঘ.