২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে বাস ভাড়া নিয়ে মিছিলে চড়াও পুলিশ

নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বর্ধিত বাস ভাড়া প্রত্যাহার এবং বিআরটিসি নন-এসি বাস চালুর দাবিতে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের মিছিলে ব্যাপক লাঠিপেটা করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2012, 09:49 AM

Updated : 24 Aug 2022, 10:33 AM

নারায়ণগঞ্জ, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বর্ধিত বাস ভাড়া প্রত্যাহার এবং বিআরটিসি নন-এসি বাস চালুর দাবিতে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের মিছিলে ব্যাপক লাঠিপেটা করেছে পুলিশ। বুধবার দুপুরে সংগঠনটি শহরের শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি দিতে যাওয়ার সময় পুলিশ লাঠিচার্জ করে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। পরে মিছিলকারীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুলিশসহ আহত হয় অন্তত ২৫ জন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে তিন রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুপুরে শহরের চাষাঢ়া শহীদ মিনারে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের নেতাকর্মীরা জড়ো হতে থাকে। সেখানে সমাবেশ শেষে নেতারা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় অভিমুখে রওয়ানা হলে পুলিশ তাতে বাধা দেয় এবং লাঠিচার্জ করে। এরপরই মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে এবং ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেয়। এই ঘটনার প্রতিবাদে দুপুর দেড়টায় যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে। যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বি দাবি করেন, পুলিশ তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বেপরোয়া লাঠিচার্জ করেছে। এতে অন্তত ২০ জন আহত হয়। সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সংগঠনটির সিদ্ধান্ত ছিল তারা কয়েকজন জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মালকলিপি দেবে। কিন্তু আন্দোলনকারীরা পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয় এবং লাঠিাচার্জ করে। যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের দাবির মধ্যে রয়েছে- বর্ধিত বাস ভাড়া প্রত্যাহার, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বিআরটিসির পর্যাপ্ত নন-এসি বাস চালু, মলপাড়া পুল থেকে বিআরটিসি বাস চালু, ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন রুটে (পঞ্চবটি-পাগলা) বিআরটিসি বাস চালু, নারায়ণগঞ্জ-কমলাপুর কমিউটার ট্রেন সার্ভিস চালু, ডাবল লাইন স্থাপন, বগির সংখ্যা ও প্রতিঘণ্টায় রেল সার্ভিস চালুসহ রেলে খাতকে উন্নত করা। স¤প্রতি থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বেসরকারি পরিবহনের নন এসি বাস ভাড়া ২৭ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা ও সরকারি পরিবহন বিআরটিসি’র (বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা) এসি বাসের ভাড়া ৩৪ টাকা থেকে বাড়িয়ে ৩৮ টাকা করা হয়। আহতদের মধ্যে রয়েছে নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ. বি সিদ্দিক, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক হিমাংশু সাহা, সিপিবি নেতা শিবনাথ চক্রবর্তী, খেলাঘর নেতা ফারুক মহসিন, কবি ফাহমিদা আজাদ, সংস্কৃতি কর্মী স্মৃতি চক্রবর্তী চাষাঢ়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) তোবারক আলীসহ অন্তত ২৫ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৫৪১ ঘ.