ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগের হামলায় এক ছাত্রের মৃত্যুর ঘটনায় শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষাপটে ‘বিশ্ববিদ্যালয় দিবসের’ অনুষ্ঠান স্থগিত করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার এ অনুষ্ঠান হওয়ার কথা ছিল।
বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “কতিপয় দুর্বৃত্ত ছাত্র কর্তৃক নিহত ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র জুবায়ের আহমেদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১২ জানুয়ারি তারিখে অনুষ্ঠিতব্য ‘বিশ্ববিদ্যালয় দিবসের’ সকল কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে।”
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র জুবায়েরকে রোববার সন্ধ্যায় শহীদ রফিক-জব্বার হলে কুপিয়ে জখম করে ছাত্রলীগ কর্মীরা। সোমবার ভোর ৫টার দিকে ঢাকায় ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, ‘উপাচার্য গ্র“প’ নামে পরিচিত ছাত্রলীগের একটি অংশ জুবায়েরকে হত্যা করেছে।
ঘটনার পর দোষীদের বিচারসহ পাঁচ দফা দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। মঙ্গলবার ‘সচেতন শিক্ষক সমাজ’ ব্যানারে শিক্ষকরাও মানববন্ধন করেন। পরে তারা আন্দোলরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানান।
এর আগে ওই হত্যার ঘটনায় ছাত্রলীগের তিন কর্মীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। এদের মধ্যে একজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ।
প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন চললেও মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেওয়ায় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশ ফিরে এসেছে। বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে ক্লাস ও পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হচ্ছে।
১২ জানুয়ারি নির্ধারিত দিনে বিশ্ববিদ্যালয় দিবস পালিত হবে বলেও উল্লেখ করা হয়েছিল ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/জেকে/১৩২৫ ঘ.
bdnews24