ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা বলেছেন, প্রতিবন্ধীদের ‘সুবর্ণ নাগরিক’ হিসেবে পরিচয়পত্র দিয়ে তাদের বিভিন্ন ধরণের সুবিধা নিশ্চিত করা হবে।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপ সংক্রান্ত এক মত বিনিময় সভায় তিনি এ কথা বলেন।
এতিম প্রতিবন্ধীদের লালন পালনের জন্য একটি ট্রাস্ট গঠনের কথা জানিয়ে মন্ত্রী বলেন, “তাদের ভাগ্যোন্নয়নে সরকারি এবং বেসরকারি উদ্যোগগুলোর সমন্বয় আরো বাড়াতে হবে।”
প্রতিবন্ধীদের জন্য শিগগিরই ২৫০ শয্যা বিশিষ্ট একটি আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে বলে জানান মন্ত্রী।
সভায় বলা হয়, জরিপটি বর্তমান অর্থবছরে পরীক্ষামূলকভাবে সাতটি বিভাগের সাতটি উপজেলায় ও একটি পার্বত্য উপজেলায় চলবে। এর ফলাফলের ভিত্তিতে আগামী অর্থবছরে সারাদেশে জরিপ করা হবে।
প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপকে আরো সফল করতে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার জরিপ নিয়ে প্রচারণা চালানো, জরিপ পরিচালনায় আন্তর্জাতিক প্রক্রিয়া অনুসরণ- আন্তর্জাতিক মান বজায় রাখা, জরিপ পরিচালনাকারীদের সুনিবিড় প্রশিক্ষণ প্রদান ও পর্যবেক্ষণসহ নানা মতামত তুলে ধরেন বক্তারা।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর ও জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য বেবী মওদুদ এবং অধ্যাপক ড. এমআর খান।
মূল প্রবন্ধ পাঠ করেন প্রতিবন্ধী ফাউণ্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক গাজি নুরুল কবির।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএ/১৯১৩ ঘ.
bdnews24