ঢাকা, জানুয়রি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইঞ্জিনচালিত নৌকায় (ট্রলার) মালয়েশিয়া যাওয়ার সময় কোস্ট গার্ড সদস্যরা মিয়ানমারের দুই নাগরিকসহ নয় জনকে আটক করেছে উপকূল রক্ষা বাহিনী।
কোস্টগার্ডের উপ-পরিচালক (গোয়েন্দা) কমান্ডার এমএআই খান মঙ্গলবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কোস্ট গার্ড পূর্ব জোনের একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১০টার দিকে শাহপরী বেড়ি বাধ এলাকা থেকে নয়জনকে আটক করে। তারা অবৈধভাবে ইঞ্জিনচালিত নৌকায় করে সমুদ্রপাড়ি দিয়ে মালয়শিয়া যাওয়ার চেষ্টা করছিল।
মিয়ানমারের আটক দুইজন নাগরিকের নাম- মো. জাকির হোসেন (২৪) এবং মো. সৈয়দ হোসেন (২৪)। সাতজন বাংলাদেশি হলেন- মো. আবুল কালাম (২৫), মো. আমিন (২৩), মো. ছায়েদ আলী (২২), মো. সেলিম (৩০), মো. ইউনুস আলী (৪০), মো. নুরুল আলম (৪৫) এবং মো. লাল মিয়া (৪৫)। তাদের বাড়ি কক্সবাজারে।
এমএআই খান জানান, প্রায় দুই ঘণ্টা ধাওয়া করে তাদের ধরা হয়। এরা একটি পাচারকারী চক্রের মাধ্যমে চাকরি সন্ধানে মালয়শিয়া যাচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।
সোমবার রাতে তাদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয় বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসইউ/১৭১৪ ঘ.
bdnews24